কাফনের কাপড় পাঠিয়ে ইনুকে হত্যার হুমকি
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হত্যার হুমকি পেয়েছেন।
দলের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে রোববার সকালে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলে তার তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে জাসদের কার্যালয়ের সিঁড়িতে কে বা কারা একটি প্যাকেট রেখে যায়। সেটা খুলে দেখা যায়, এর মধ্যে একটি সাদা কাফনের কাপড়। তার ওপর লাল কালিতে লেখা ‘কোরআনের আইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড’।
“পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে হুমকি সংক্রান্ত সাদা কাপড় ও চিঠিসহ আলামত সংগ্রহ করেছেন।”
জাসদ সভাপতি হত্যার হুমকি দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে রাজনৈতিক জোট ১৪ দল।
বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকে মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, “এই মাত্র শিরীন আখতার আমাকে বললেন- জাসদ কার্যালয়ে হাসানুল হক ইনুর নামে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
“আমরা এটা তীব্র নিন্দা জানাই। কাপুরুষদের আমরা ভয় পাই না, আপনারাও কেউ-ই ভয় পাবেন না।”
এসময় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার উপস্থিত ছিলেন।
