২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মরক্ষার জন্য আক্রমণের কৌশলে খালেদা: ইমাম

প্রধানমন্ত্রীর নাম ধরে বলায় খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে এইচ টি ইমাম বলেছেন, ‘নিজেকে বাঁচাতে’ আক্রমণের কৌশল নিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 06:42 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের পর প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিএনপির কাছে ‘শিষ্টাচারপূর্ণ’ বক্তব্য তারা আশা করেন না।

“যদি তাই হতো তাহলে বিএনপি নেত্রী ও দেশের সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধান ও দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে নাম ধরে ডেকেছেন। কতটুকু বেয়াদব হলে এমন শিষ্টাচার বহির্ভূত কথা বলতে পারেন?”

বিএনপি নেত্রীর এই ‘আপত্তিকর’ আচরণ আর সহ্য করা যায় না মন্তব্য করে তিনি বলেন, “কান টানলে যেমন মাথা চলে আসে, তেমনি সব সূত্র থেকে দেখা যায় মাথা (খালেদা জিয়া) চলে আসে। এর জন্য আগে থেকেই ‘অফেনস ইজ দ্য বেস্ট ডিফেন্স’ কৌশল তারা গ্রহণ করেছে।”

প্রধানমন্ত্রী সাম্প্রতিক গুপ্তহত্যায় বিএনপি-জামায়াতের সম্পৃক্ততার তথ্য থাকার কথা বলার প্রতিক্রিয়ায় এসব হত্যাকাণ্ডের জন্য উল্টো আওয়ামী লীগ ও এর মিত্রদের বিরুদ্ধে অভিযোগ করেছেন খালেদা জিয়া।

বৃহস্পতিবার ঢাকায় এক ইফতার অনুষ্ঠানে চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার কথা তুলে ধরে বিএনপি প্রধান বলেন, “আজ পুলিশ অফিসারের ওয়াইফ পর্যন্ত হত্যা হয়। এটা কেন হল হাসিনা? এটা এখন পর্যন্ত বের করা গেল না কেন? এসব কারা করছে?”

“আমি বলতে চাই, এসব খুন-গুম-হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত এবং তার সঙ্গে তার দোসররা যারা আছে, তারা জড়িত। তাদের ধরলেই সব কিছু বের হবে।”

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের পক্ষে বক্তব্য দেওয়া পাকিস্তানের সুরেই এখন বিএনপি নেতৃত্ব কথা বলছে বলে অভিযোগ করেন এইচ টি ইমাম।

তিনি বলেন, “মিডিয়াতে আপনারা দেখছেন পাকিস্তানের রাজনীতিবিদরা কী নিয়ে আলাপ-আলোচনা করছে। আর আমাদের দেশে তারা (বিএনপি) কীভাবে কথা বলছে তাহলে দেখবেন দুয়ে দুয়ে চার।”

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পরাজিত পাকিস্তান এখনও বাংলাদেশকে মেনে নিতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, “তাদের (পাকিস্তানের) এজেন্ট বা দালালরা যারা এদেশে আছে তাদের মাধ্যমে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে ১৯৯৬ পর্যন্ত এ অত্যাচার চলছিল। তারা কিলিংয়ের একটা আর্ট রপ্ত করেছিল, যাকে  আমি বলি আর্ট অব কিলিং। কীভাবে হত্যা করতে হবে, কত দ্রুত করতে হবে, হত্যা করে কীভাবে পালিয়ে যেতে হবে এ সমস্ত কাজে তারা পারদর্শী হয়ে উঠছিল।

“যেগুলো করতো আল-বদর, আল শামস এরা। সেই ধারাতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যতগুলো আক্রমণ হয়েছে সব একই রকমের।”

ওই সব হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন এইচ টি ইমাম। তৎকালীন ক্ষমতাসীন বিএনপির পৃষ্ঠপোষকতায় তারা এসব আক্রমণ চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ইমাম বলেন, “২০০৬ সালে তাদের স্লোগান ছিল ‘মরলে শহীদ বাঁচলে গাজী’। তারপর এটা ২০১৩ সালে রূপ নিয়েছে হেফাজতে ইসলামে। ওখান থেকে লেজ গুটিয়ে চলে গেলেও এখন তারা নিয়েছে ভিন্ন পথ। কারণ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, যারা সমাজের শত্রু, মানুষের শত্রু- এরা কখনও শোধরাবার নয়।

“এরা ওই স্লোগানেই বিশ্বাসী। আর তাই তারা তাদের অস্ত্র আরও শানিত করেছে। এখন তাদের হাতে চাপাতি আর বন্দুক। আর এই পদ্ধতিতে প্রত্যেকটি জায়গাতে একই কায়দায় হত্যা করা হচ্ছে। এরা এমন কৌশল বের করেছে যে, কত দ্রুত হত্যা করা যায়।”

সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে যতোগুলো গুপ্তহত্যা হয়েছে তার প্রায় সবগুলোর তদন্ত গুছিয়ে এসেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইমাম।

“কীভাবে কখন কোথায় হত্যা করা হচ্ছে এর যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। এই যোগ সূত্র থেকে আমরা পাচ্ছি যে, শিবির ও ছাত্রদল এবং তাদের মাথা যারা অর্থাৎ ছত্রচ্ছায়া দিচ্ছে যারা তারা হল জামাত ও বিএনপি।

“তাদের সঙ্গে জামায়াতে ইসলামী পাকিস্তান, আল-কায়েদা, তালেবান, সিরিয়ার আইএস, মুসলিম ব্রাদারহুড, নাইজেরিয়ার বোকো হারাম, সোমালিয়ার আল শাবাব এরা একই সূত্রে গাঁথা।”

সভায় অন্যদের মধ্যে  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।