২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের পেছনে আওয়ামী লীগ: খালেদা জিয়া

গুপ্তহত্যায় বিএনপি-জামায়াতের জড়িত থাকার তথ্য আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পাল্টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছেন,আওয়ামী লীগ ও তার রাজনৈতিক মিত্ররাই এতে জড়িত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 09:34 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

পুরনো খবর:

আমি সরকারপ্রধান, অমূলক কথা বলি না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একদিন বাদে বৃহস্পতিবার ঢাকায় এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যে এসপিপত্নীসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।

খালেদা বলেন, “আজ পুলিশ অফিসারের ওয়াইফ পর্যন্ত হত্যা হয়। এটা কেন হল হাসিনা? এটা এখন পর্যন্ত বের করা গেল না কেন? এসব কারা করছে?

“আমি বলতে চাই, এসব খুন-গুম-হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত এবং তার সঙ্গে তার দোসররা যারা আছে, তারা জড়িত। তাদের ধরলেই সব কিছু বের হবে।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট শরিক জাসদের দিকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন বলেন, “নাম না-ই বা বললাম, আপনারা সবাই জানেন। তারা যে কত মানুষ হত্যা করেছে, কত মানুষকে খুন করেছে, জনগণ জানে।

“খুন-গুমে সিদ্ধহস্ত হল হাসিনার সঙ্গে যারা আছে, তারাই হল গুম-খুনের ওস্তাদ। এই যে পেট্রোল বোমা তাদের আবিষ্কার, তারাই প্রথম বানিয়ে মানুষ হত্যা শুরু করে।”

“তাই আমরা বলতে চাই, হাসিনার সহযোগিতায় তারা যতক্ষণ ক্ষমতায় থাকবে, ততক্ষণ পর্যন্ত এই খুন-গুম-হত্যা-সন্ত্রাস বন্ধ হবে না,” বলেন খালেদা।

গত এক বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় খুন হন এক পুলিশ কর্মকর্তার স্ত্রী।

সংসদ নির্বাচনের আগে এবং গত বছর সরকারবিরোধী আন্দোলনে নাশকতার দিকে ইঙ্গিত করে এসব হত্যাকাণ্ডেও বিএনপি-জামায়াতকে দায়ী করে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা।

অন্যদিকে বিএনপি তা প্রত্যাখ্যান করে বলে আসছিল, ক্ষমতাসীনদের ‘বিভ্রান্তিকর বক্তব্যে’ জঙ্গিরা আরও শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছে।  

এর মধ্যেই নিজেদের বক্তব্যের পক্ষে যুক্তি দেখিয়ে বুধবার সংবাদ সম্মেলনে সরকার প্রধান শেখ হাসিনা বলেন,“আমরা যখন কথা বলি, মনে রেখে দেবেন; কোনো অমূলক কথা বলি না। একটা কথা ভুলে গেলে চলবে না, আমি হেড অফ দি গভার্নমেন্ট। আমার কাছে নিশ্চয়ই তথ্য আছে।”

এর প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট বার ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে বক্তব্যে সরাসরি আওয়ামী লীগ ও তার রাজনৈতিক মিত্রদের দিকে অভিযোগের তীর ছুড়লেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।  

রাষ্ট্রক্ষমতায় ‘খুনিরা’ বসে আছে দাবি করে তিনি বলেন, “নিরীহ মানুষকে খুন করছে, মন্দিরের পুরোহিত, রিকশা-ভ্যানচালক, মুদি দোকানদার-এসব নিরীহ মানুষকে খুন করা হচ্ছে। হিন্দুদের সম্পত্তি লুট করা হচ্ছে, খ্রিস্টানদের সম্পদ, বৌদ্ধদের সম্পদ লুট করা হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে।

“স্বাধীনতার পরেও আওয়ামী লীগ লুট করেছে, মানুষ হত্যা করেছে। এখন তারা লুট করছে, মানুষ হত্যা করছে ক্ষমতায় থাকার জন্য আজীবন।”  

নারায়ণগঞ্জের সাত খুন নিয়ে তিনি বলেন, “এখনও সেই বিচার হচ্ছে না। সেই বিচার হলে সেখানে জিয়ার ( জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ব্রিগেডিয়ার জিয়াউল আহসান) নাম আসবে, পুলিশ অফিসার বেনজীরের ( র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ) নাম আসবে।

“এখানে স্বয়ং হাসিনার নাম আসবে, হাসিনা এর মধ্যে ইনভলবড। তাই এই বিচার হচ্ছে না।”

সবার জন্য সুবিচার নিশ্চিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “আমি অনুরোধ রাখব প্রধান বিচারপতিসহ সকল জাজদের কাছে, সকল আইনজীবীদের কাছে- আমরা আইনের শাসন চাই, আমরা সুবিচার চাই, আমরা ন্যায়বিচার চাই। যাতে সকলের জন্য সমান বিচার হয়।

“আমাদের বিচারগুলো দ্রুত করছেন। ওইসব হত্যাকাণ্ডের বিচারগুলো দ্রুত করে একসঙ্গে বিচারগুলো শেষ করার ব্যবস্থা করুন। দেখেন কার সাজা হয়।”

‘হাসিনার বিচারও করতে হবে’

সুপ্রিম কোর্ট এলাকায় আইনজীবীদের এই অনুষ্ঠানে বক্তব্যে সবার জন্য সুবিচার নিশ্চিত করতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, “জনগণ বিশ্বাস করে না যে বিচার বিভাগের আজকে কোনো স্বাধীনতা আছে। আইন না কি সকলের জন্য সমান। তাহলে সরকারের জন্য একরকম আইন, বিরোধী দলের জন্য অন্যরকম আইন কেন?

“আজকে বিরোধী দলের নেতা-কর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে। ওদিকে সরকারি দলের লোকজন অপরাধ করলেও তাদেরকে ধরা হয় না।”

তিনি বলেন, “আমি অনুরোধ রাখব প্রধান বিচারপতিসহ সকল জাজদের কাছে, সকল আইনজীবীদের কাছে- আমরা আইনের শাসন চাই, আমরা সুবিচার চাই, আমরা ন্যায়বিচার চাই। যাতে সকলের জন্য সমান বিচার হয়।

Image
ইফতারের আগে মোনাজাতে খালেদা জিয়া

ইফতারের আগে মোনাজাতে খালেদা জিয়া

 

“আমাদের বিচারগুলো দ্রুত করছেন। ওইসব হত্যাকাণ্ডের বিচারগুলো দ্রুত করে একসঙ্গে বিচারগুলো শেষ করার ব্যবস্থা করুন। দেখেন কার সাজা হয়।”

শেখ হাসিনার  বিরুদ্ধে ১৫টি মামলা প্রত্যাহারের তথ্য তুলে ধরে খালেদা বলেন, “সব মামলা থেকে উনি মুক্ত হয়ে গেলেন। কী করে এটা হল, উনার কাছে কি জাদুর কাঠি আছে যে তিনি ছোঁয়া দিলেন আর সব মামলা থেকে মুক্ত হয়ে গেলেন!

“নাইকো মামলা থেকেও মুক্ত হয়ে গেলেন। হাসিনার সময়ে নাইকোর সঙ্গে চুক্তি হয়েছে। এখন তারা আমাকে নিয়ে টানাটানি করছে। আমার কোনো ইনভলভমেন্ট নাই। আমরা কোনো কিছু করি নাই, যা কিছু হাসিনা করেছে। তাই নাইকো মামলা চলতে গেলে হাসিনাকে অবশ্যই আনতে হবে।”

জিয়া ট্রাস্ট মামলার আসামি খালেদা বঙ্গবন্ধু ট্রাস্টেও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “অনেকে চেক দিয়েছে, চেক গ্রহণ করেছে, সমস্ত তথ্য আমাদের কাছে আছে। কাজেই এই মামলায় হাসিনাকে কোর্টে না আনলে কোনোভাবে আমাদেরকে সাজা দেওয়া যাবে না।

“আজকে যদি সত্যিকারভাবে জজ সাহেবরা নিরপেক্ষ হয়ে হাসিনার বিচার করতে পারেন; আমি বলতে পারি, হাসিনার সাজা হবেই হবে।”

‘হাসিনার আইন মানতে রাজি নয়’  

বাংলাদেশের বর্তমান অবস্থাকে সঙ্কটজনক আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, “দেশে আজ চলছে লুটপাট, অরাজকতা, অত্যাচার, অনাচার।

“হাসিনা মনে করেছেন, তিনি জোর করে, জবরদস্তি করে, জুলুম করে, পুলিশ দিয়ে, র‌্যাব দিয়ে মানুষকে দাবিয়ে রাখবে। কিন্তু না। আজকে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কাজেই তারা আর এখন হাসিনার আইন মানতে রাজি নয়।”

অর্থনীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, “লুটপাট করে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। আজকে স্বয়ং অর্থমন্ত্রী বলেন যে পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে। এরপর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই।

“আগে শুনতাম বন্দুক দিয়ে ব্যাংক ডাকাতি হত। এখন তারা ডিজিটাল কায়দায় ডাকাতি করে বাংলাদেশ ব্যাংককে সর্বশান্ত করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ৮ শ কোটি টাকা, মনে হয় আরও বেশি টাকা পাচার করেছে।”

সুপ্রিম কোর্ট থেকে শাস্তির পরও দুই মন্ত্রীর মন্ত্রিসভায় থাকা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।

শফিক রেহমানের ‘ডকুমেন্টগুলো’ প্রকাশের দাবি

সম্পাদক শফিক রেহমানের মুক্তি চেয়ে তার কাছ থেকে পাওয়া তথ্যগুলো জনসমক্ষে প্রকাশের দাবি জানান খালেদা জিয়া।

সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টার মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তারের পর তার বাড়ি থেকে অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে প্রধানমন্ত্রী একদিন আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন।

Image
বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া

বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া

খালেদা বলেন, “শফিক রেহমানের কাছে যে ডকুমেন্টগুলো পাওয়া গেছে; বলা হচ্ছে, এফবিআইয়ের কাছ থেকে তিনি পেয়েছিলেন। সেই কাগজগুলোতে শফিক রেহমান সাংবাদিক হিসেবে জোগাড় করেছিলেন। তিনি প্রচার করেননি।

“শফিক রেহমানের এসব জনগণের কাছে প্রকাশ করা হোক। জনগণ জানুক যে তার পুত্র (প্রধানমন্ত্রীপুত্র জয়) কোনো অপরাধ করে নাই। আর যদি সে অপরাধ করে থাকে, তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে জেলে পাঠাতে হবে।”

যুক্তরাষ্ট্রপ্রবাসী জয়ের সম্পর্কে তথ্য পেতে এফবিআই এজেন্টকে ঘুষ দেওয়ার মামলায় ওই দেশের আদালতে বিএনপি নেতার এক ছেলের কারাদণ্ডকে কেন্দ্র করে জয়কে হত্যাচেষ্টার ষড়যন্ত্রের একটি মামলা হয় বাংলাদেশে।

যুক্তরাষ্ট্রের ওই বিচারে জয়ের ব্যাংক একাউন্টে ৩০ কোটি ডলারের তথ্য এসেছে দাবি করে খালেদা বলেন, “সজীব ওয়াজেদ জয়ের ৩০০ মিলিয়ন ডলার, আড়াই হাজার কোটি টাকা। সারা বিশ্বের মানুষ, দেশের প্রতিটি মানুষ এটা জানে। আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, কেন তাকে আইনের আওতায় আনা হবে না?

“তার (জয়) দুর্নীতির কাগজ বের করার জন্য সাংবাদিক শফিক রেহমান আজকে জেলে। বারবার আবেদন করা সত্ত্বেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। আমেরিকার কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, ওই মামলায় জয়কে কেউ হত্যা বা গুম করতে যায়নি। এটা মিথ্যা ও বানোয়াট।”

আন্দোলনের প্রস্তুনি নিতে আহ্বান

বর্তমান ‘অবৈধ’ সরকারকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজন নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

আবারও ৫ জানুয়ারি মতো নির্বাচনের প্রস্তুতি চলছে দাবি করে তিনি বলেন, “তারা (সরকার) মনে করেছে, মামলা দিয়ে আমাদেরকে সাজা দিয়ে, জেলে পুরে নির্বাচন করবে। এটা সহজ হবে না।

“সেই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না এবং সেটা হবে একদলীয় নির্বাচন। ৫ জানুয়ারি মতো আবার যদি এরশাদ ও হাসিনা একই পথের পথিক হয়ে ওইরকম নির্বাচন করে, তা হলে সেটা নির্বাচন হবে না।”

Image
অনুষ্ঠানটি ছিল বিএনপি সমর্থক আইনজীবীদের

অনুষ্ঠানটি ছিল বিএনপি সমর্থক আইনজীবীদের

সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে খালেদা বলেন, “ওই সকল নির্বাচন প্রমাণ করে দিয়েছে, হাসিনার কোনো জনসমর্থন নাই। জোর করে মানুষ হত্যা করে নিজে ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকতে চায়।

“হাসিনার নিজেরও প্রমাণ করা উচিৎ, নিরপেক্ষ নির্বাচন হলে তার কত জনসমর্থন আছে, তা জানা। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, তারপর জনগণ দেখিয়ে দেবে তারা কাদের পেছনে আছে।”

সারাদেশে আইনজীবী ফোরামকে শক্তিশালী করে ‘গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামের’ জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার পর আইনজীবীদের সঙ্গে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।

ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি বিচারপতি টি এইচ খানের সভাপতিত্বে ও মহাসচিব মাহবুবউদ্দিন খোকনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মীর মো.নাছির উদ্দিন, জয়নাল আবেদীন, আহমেদ আজম খান, সানাউল্লাহ মিয়া, নিতাই রায় চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফরিদুজ্জামান ফরহাদ, আবদুল মজিদ মল্লিক, খোরশেদ মিয়া আলম, খোরশেদ আলম, মোসলেহউদ্দিন জসিম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, খন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, আমিনুল হক, এ জে মোহাম্মদ আলী, কামাল ইবনে ইউসুফ, রুহুল কবির রিজভী, মজিবুর রহমান সরোয়ার, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, পিপলস লীগের গরিব নেওয়াজ ইফতারের অংশ নেন।