বিএনপি নেতা আসলাম ফের ৫ দিনের রিমান্ডে
ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জিজ্ঞসাবাদের জন্য তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল হক বুধবার আসলামকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিন হেফাজতে নেওয়ার আবেদন করেন।
মহানগর হাকিম মাহমুদুল হাসান শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।
ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের একাধিক ছবি গণমাধ্যমে আসার পর গত ১৫ মে আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এরমধ্যে তার বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় গত ৩১ মে আসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় বুধবার আসলামকে আদালতে হাজির করে নতুন করে রিমান্ড চাওয়া হয়।
আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু আদালতকে বলেন, “আসলাম চৌধুরী সরকার উৎখাতের ষড়যন্ত্র করতে ভারতে গিয়েছিলেন। তাদের বৈঠকের ছবিসহ বিভিন্ন প্রমাণ রাষ্ট্রের হাতে রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সাথে তিনি বৈঠক করেন। এই ঘটনার বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে আরও সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
“আর কে কে এই ঘটনার সঙ্গে জড়িত সেটা জানার জন্য এই রিমান্ড জরুরি।”
রিমান্ডের বিরোধিতা করে আসলামের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, “আসলাম সেখানে একটি দাওয়াতে গিয়েছিলেন মাত্র। সেখানে কোনো বৈঠক হয়নি। বৈঠকের কোনো প্রমাণ দিতে পারবে না রাষ্ট্রপক্ষ। তার রিমান্ড বাতিল করে জামিন দেওয়া হোক।”
চট্টগ্রামের নেতা আসলাম চৌধুরীকে মাসদুয়েক আগে বিএনপির নতুন কমিটিতে যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
