প্রথম রোজায় এতিমদের সঙ্গে খালেদার ইফতার
প্রথম রোজায় ধর্মপ্রচারক ওলামাসহ এতিমদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাব মিলনায়তনে ‘ওলামা-মাশায়েখ-এতিমদের সন্মানে’ এই ইফতার পার্টি দেন বিএনপি নেত্রী।
ইফতারে তেজগাঁও রহমতে আলম মিশন, ফকিরেরপুল মাদ্রাসা ও এতিমখানা এবং শান্তিনগর এতিমখানার চার শতাধিক এতিম ছাত্র-ছাত্রীসহ মাদ্রাসা শিক্ষকরা অংশ নেন।
বিএনপি চেয়ারপারসন মূল মঞ্চে এতিমদের পাশে নিয়ে ইফতার করেন।
মঞ্চে অন্যদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ছিলেন চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি মোজাফফর আহমেদ, ঢাকার সোবহানবাগ মসজিদের খতিব শাহ ওয়ালিউল্লাহ, শর্ষিনা দরবার শরীফের শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মিরেশ্বরাই দরবার শরীফের পীর আবদুল মোমেন নাসেরী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আসম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, জামায়াতে ইসলামীর শামীম সাঈদী এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।
