২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোটের শেষ পর্বেও কেন্দ্র দখলের মহোৎসব: বিএনপি

ইউনিয়ন পরিষদে শেষ ধাপের নির্বাচনেও কেন্দ্র দখলের ‘মহোৎসব’ চলছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 01:03 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

পঞ্চম ধাপ পর্যন্ত সহিংসতায় শতাধিক মৃত্যুর পর শনিবার ষষ্ঠ ও শেষ ধাপে ৬৯৮টি ইউনিয়নে ভোটগ্রহণের মধ্যে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।   

ভোটগ্রহণ শুরুর তিন ঘণ্টা পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এ পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত খবরে যতটুকু জেনেছি, ভোট কেন্দ্র দখলের মহোৎসব চলছে।

“ভোটাররা কেন্দ্রে ঢুকতে পারছে না। সর্বত্র একটা ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতাসীনদের সন্ত্রাসীরা নৌকা প্রতীকে ব্যালট পেপারে দেদারছে সিল মারছে।”

Image
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

অনিয়মের অভিযোগ নিয়ে শুরু থেকে প্রশ্নবিদ্ধ স্থানীয় সরকারের এই নির্বাচন। শনিবার ভোটগ্রহণ শুরুর পরপরই নড়াইলের লোহাগড়ায় একটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এক প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। 

অভিযোগ তোলার পরও এই নির্বাচনে অংশ নিয়ে বিএনপির অর্জন কী- সাংবাদিকদের  প্রশ্নে রিজভী বলেন, “এই নির্বাচনের মাধ্যমে সরকারের স্বরূপ, আগ্রাসী রূপ প্রকাশ পেয়েছে। তারা যে গোটা দেশকে আওয়ামী লীগের উপনিবেশে পরিণত করতে চাইছে, গণমাধ্যমের মাধ্যমে আমরা তা তুলে ধরতে পেরেছি।

“আমরা জানি, এই নির্বাচনের পরিণতি কী হবে? তারপরও অংশগ্রহণ করেছি এজন্য যে এর মধ্য দিয়ে এই সরকারের বর্বরতা ও হিংস্রতার দিকগুলো মানুষের কাছে আরো ভয়াবহভাবে ফুটে উঠেছে। আমরা মনে করি, ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে তাদের স্বরূপ প্রকাশ করতে সক্ষম হয়েছি।”

আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে যে কোনো নির্বাচন সম্ভবপর নয়, তা ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতা।

সংবাদ সম্মেলনে শনিবার কুমিল্লা, বরিশাল, পিরোজপুর, ময়মনসিংহ, কক্সবাজার, নোয়াখালী, চট্টগ্রাম, শরীয়পুরের বিভিন্ন ইউনিয়নে ‘ভোট ডাকাতির’ চিত্র তুলে ধরা হয়।

“ছয় ধাপের ইউপি নির্বাচনে নির্বাচনী এলাকাগুলোকে এক উন্মুক্ত বধ্যভূমি ছাড়া অন্য কিছু হিসেবে বিবেচনা করা যায় না। বিএনপি সরকার ও নির্বাচন কমিশনের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছে।”

সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুনুর রশীদ, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, শাহীন শওকত প্রমুখ।