বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: আম্বিয়া
বাজেটে প্রত্যাশার প্রতিফলন হলেও এর বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ মনে করছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের নেতারা।
জাসদের একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যুক্তবিবৃতিতে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে তাদের মত জানিয়েছেন।
“বাজেটে আমাদের প্রত্যাশাকে সঠিকভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু তা বাস্তবায়নের প্রায়োগিক রূপরেখা কতটুকু আছে তা বিশ্লেষণের দাবি রাখে। বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
বিবৃতিতে বলা হয়, বাজেটে সম্পদ আহরণের যে খাত উল্লেখ করা হয়েছে তা বিগত বছরগুলোর মত এ বছরেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে কি না- তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।
“প্রত্যক্ষ আয়করের আওতা বাড়ানো, দুর্নীতি বন্ধ করা, কালো টাকা উদ্ধার করে কালো গহ্বর থেকে অর্থনীতি তথা দেশকে উদ্ধার করা ছাড়া প্রবৃদ্ধি ও উন্নয়ন সম্ভব নয়।
“উন্নয়নের নামে কালো টাকার মালিক, দুর্নীতিবাজ ও লুটেরাদের সুরক্ষার ব্যবস্থাগুলো অব্যাহত আছে। অথচ সমাজে বিরাজিত ভয়ংকর বৈষম্য নিরসনের তেমন কোনো পদক্ষেপ এ বাজেটেও দৃশ্যমান নয়।”
সামাজিক সুরক্ষায় বাজেটে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থার ঘোষণাকে ইতিবাচক আখ্যায়িত করে তা দ্রুত বাস্তবায়নে তাগিদ দিয়েছেন জাসদের এই অংশের নেতারা।
