আদালতে খালেদা, সময়ের আবেদন
আদালতে হাজির হয়ে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের আগে সময়ের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেডে মাঠে তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে পৌঁছান।
এ আদালতেই জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট্র দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে।
দাতব্য ট্রাস্ট্র মামলায় এদিন ৩৪২ ধারায় খালেদার আত্মপক্ষ সমর্থনের কথা রয়েছে। আর এতিমখানা ট্রাস্ট মামলার নতুন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরার দিন রয়েছে।
বৃহস্পতিবার খালেদা আদালতে না এলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে আগেই সতর্ক করে দিয়েছিলেন এ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।
বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ আত্মপক্ষ সমর্থনের শুনানির নেওয়ার কথা। আমরা সময়ের আবেদন করেছি। শুনানি পিছিয়ে দিতে বলেছি।”
বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিমউদ্দিন আলম উপস্থিত রয়েছেন আদালত প্রাঙ্গণে।
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থনের সর্বশেষ তারিখ ছিল ছিল গত ১৯ মে। কিন্তু অসুস্থতার কথা বলে তার আইনজীবীরা সময়ের আবেদন করলে শুনানি পিছিয়ে যায়।
সেদিনই বিচারক জানিয়ে দেন, ২ জুন আদালতে অনুপস্থিত থাকলে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
এর আগে ৭, ১৭, ২৫ এপ্রিল ও ৫ মে চার দফা খালেদার সময়ের আবেদনে তার আত্মপক্ষ সমর্থন পিছিয়ে যায়।
গত বছরের শুরুর দিকে হরতাল-অবরোধ ডেকে টানা তিন মাস খালেদা নিজের কার্যালয়ে অবস্থান নিয়ে থাকার সময় আদালতে না যাওয়ায় একই বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা জারির একমাস দশ দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান খালেদা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় খালেদার বিরুদ্ধে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এ মামলায় জামিনে থাকা জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান গত ৭ এপ্রিল আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দেন। আর হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।
তদন্ত কর্মকর্তা ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদসহ মোট ৩২ জন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।
একই আদালতে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদক কর্মকর্তা হারুন-অর-রশিদের জেরা চলছে।
