খালেদা সিম নিবন্ধন না করায় ‘লজ্জিত’ হাছান
খালেদা জিয়া মোবাইল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করাননি জেনে একে ‘দায়িত্বহীনতা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শেষ হওয়ার পর বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা বলেন, “৩০ এপ্রিলের আগেই আমি লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেছি। শুনেছি বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনো সিম নিবন্ধন করেননি।
“ব্যক্তিগতভাবে একজন রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার এই দায়িত্বজ্ঞানহীনতা দেখে আমি লজ্জিত। এটা তার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি অনলাইন সংবাদপত্রের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন সাবেক মন্ত্রী হাছান মাহমুদ।
তিনি আরও বলেন, “বিভিন্ন মামলার আসামি খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যান না, এটাও তার আরেক দায়িত্বহীনতার পরিচয়।”
সরকার খালেদা জিয়াকে বন্দি করতে চাইছে বলে বিএনপি নেতাদের অভিযোগের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, “তার জন্য যে আইন, দেশের একজন সাধারণ মানুষের জন্যও একই আইন। আইন তার নিজস্ব গতিতে চলবে।
“খালেদা জিয়াকে গ্রেপ্তার করা সরকারের উদ্দেশ্য নয়। তবে কেউ যদি রাষ্ট্রের জন্য হুমকি হয়, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা সরকারের সাংবিধানিক দায়িত্ব।”
বিএনপিকে আদালতে গিয়ে আইনি লড়াই চালানোর পরামর্শও দেন আওয়ামী লীগের এই নেতা।
এই সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডিআরইউয়ের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ বক্তব্য রাখেন।
