ইসলামী দলগুলোকে বিএনপির সঙ্গ ছাড়তে বললেন হাছান
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ‘যোগসাজশ প্রমাণিত হওয়ায়’ বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়তে ইসলামী দলগুলোকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, “বিএনপি এখন আর কেবল বাংলাদেশের শত্রু নয়, তারা সমস্ত মুসলিম জাহানের শত্রু।
“২০ দলীয় জোটে থাকা ইসলামী দলগুলোকে বলছি, আপনারা অতিসত্বর মুসলিম জাহানের শত্রু বিএনপিকে ত্যাগ করুন। না হলে দেশের সাধারণ জনগণ বিএনপির মত আপনাদেরকেও ধিক্কার জানাবে।”
ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির এক রাজনীতিকের সঙ্গে বৈঠকের সূত্র ধরে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকার উৎখাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তিনি ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।
হাছান মাহমুদ বলেন, “ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠকের মধ্য দিয়ে খালেদার থলের বিড়াল বেরিয়ে এসেছে।”
‘এ ষড়যন্ত্রে যুক্ত’ বিএনপির অন্য নেতাদেরও গ্রেপ্তারের দাবি জানান হাছান।
‘ইসরায়েলের সাথে বিএনপির সম্পর্ক ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের প্রতিবাদে’ বাংলাদেশ স্বাধীনতা পরিষদের এ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি শাহাদত হোসেন টয়েল, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম।
