২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলত্যাগীদের প্রতি এরশাদের আহ্বান

দল ছেড়ে যাওয়া নেতা-কর্মীদের ফিরে এসে নেতৃত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 07:25 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির অষ্টম জাতীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে এরশাদ বলেন, “আমরা হারিয়ে যাইনি। আজকের এই সম্মেলন তার প্রমাণ। দেশের ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছিলাম। সেই ক্রান্তিকাল এখনও চলছে, হিংসা প্রতিহিংসার রাজনীতি চলছে।

“সবাই জানেন কীভাবে দেশ চলছে। সন্ত্রাস, খুন, জঙ্গিবাদ, চাঁদাবাজিতে দেশ ভরে গেছে। জাতীয় পার্টিই একমাত্র জনগণের দল। কারণ আমরাই বলেছি, ৬৮ হাজার গ্রাম বাঁচলে জীবন বাঁচবে, দেশ বাঁচবে।”

দলকে শক্তিশালী করতে দল ত্যাগ করা নেতা-কর্মীদের ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের সামনে এগিয়ে যেতে হবে। পথ সরু; ক্ষমতায় যেতে হলে এই পথকে আরও প্রশস্ত করতে হবে। এর জন্য প্রয়োজন জাতীয় পার্টিকে শক্তিশালী করা। যারা দল থেকে চলে গিয়েছেন, তারা ফিরে আসুন; দলে নেতৃত্ব দিন।”

এর আগে রওশন এরশাদ তার বক্তব্যে বলেন, “জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়, কিন্তু আমাদের সংগঠন শক্তিশালী নয়। দল শক্তিশালী না হলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না।

“নেতা-কর্মীরা যখন জেলে ছিল, তখনও (সংসদে) আমাদের আসন ছিল ৩৫টি। আমরা তা ও ধরে রাখতে পারিনি। কেন পারিনি তা চিহ্নিত করতে হবে। যদি না করা হয়, জাতীয় পার্টি শক্তিশালী হবে না।”

নিজ বক্তব্যে দলের তরুণ কর্মী-সমর্থকদের উৎসাহ দেন তিনি।

পরে দলের চেয়ারম্যান এরশাদ বলেন, “তোমরা আমাদের দলের প্রাণ। বড় বড় নেতারা অনেক সুবিধা পেয়েছে, তোমরা কিছুই পাওনি। অথচ কষ্ট করে তোমরাই জাতীয় পার্টিকে দুঃসময়ে আগলে রেখেছ।

“তবে তোমরা যারা ছাত্র আছ, তাদের কিন্তু রাজনীতির পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হবে, অবহেলা করলে চলবে না।”

বর্তমান প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ।

“এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হলে রাজনীতির বিকেন্দ্রীকরণ করতে হবে।”

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এই পদ্ধতির পরিবর্তন হবে বলেও জানান তিনি।