২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইসলামের কথা বলে এখন ইহুদিদের নিয়ে ষড়যন্ত্র’

বিএনপি ইসলামের কথা বললেও তা মেকি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 03:52 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

বিএনপির এক নেতার মোসাদ এজেন্টের সঙ্গে বৈঠকের খবর নিয়ে আলোচনার মধ্যে তিনি বলেছেন, “এরা ইসলাম ইসলাম করে একেবারে গদ গদ। কিন্তু ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে, ইসরায়েল-মোসাদকে সঙ্গে নিয়ে।”

ভারতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে এই বৈঠক বলে আওয়ামী লীগ নেতারা দাবি করে আসছেন। তবে আসলাম বলছেন, তিনি ব্যবসায়িক প্রয়োজনে ভারতে গিয়েছিলেন এবং সেখানে অনেকের সঙ্গে তার ব্যবসায়িক আলোচনা হয়েছে।   

ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এই দেশটির সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্কও নেই।

ঢাকা মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় এই প্রসঙ্গ তুলে শেখ সেলিম আরও বলেন, “বঙ্গবন্ধু মুসলমানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দেননি। আর উনারা (বিএনপি) ইহুদিদের নিয়ে ষড়যন্ত্র করছে।”

এর মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় গেলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেও মনে করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই আলোচনা সভায় শেখ সেলিম যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার সমালোচনাও করেন।

“তারা বাড়াবাড়ির শেষ পর্যায়ে চলে গেছে। পাকিস্তানকে বলব, আপনারা এখনও অপরাধী আছেন।”

মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান  বক্তব্য রাখেন।