খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র: বিক্ষোভের ডাক বিএনপির
নাশকতার দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেওয়ায় দুই দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে তার দল বিএনপি।
রোববার দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে এবং সোমবার ঢাকা মহানগরে বিক্ষোভ করে খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র প্রত্যাহার ও মামলা তুলে নেওয়ার দাবি জানাবে দলটি।
শুক্রবার সকালে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে সরকার। এগুলো দেশনেত্রীকে রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্ত।”
দারুস সালাম থানা পুলিশ বুধবার ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে নাশকতার দুই মামলায় অভিযোগপত্র দেন, যাতে খালেদাকে হুকুমের আসামি করে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়।
ওই দুই মামলাকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি’ থেকে সরকার ‘এ ধরনের আচরণ’ করে যাচ্ছে।
“প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী দেশনেত্রীর বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত মন্তব্য করে চলেছেন। একজন মন্ত্রী তার ফাঁসিও চেয়েছেন। এ ধরনের মন্তব্য ও উক্তি তাদের (সরকার) দায়িত্বহীনতার পরিচয় দেয়।”
অন্যদের মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা মির্জা আব্বাস, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী ও সেলিমা রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
