২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘দল বিবেচনায়’ প্রাণ ভিক্ষা পাচ্ছে আ. লীগের নেতারা: রিজভী

ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে ‘দল বিবেচনায়’ সবচেয়ে বেশি ফাঁসির আসামি দণ্ড মওকুফ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 07:14 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতির মধ্যেই মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বললেন।

রিজভী বলেন, “এই সরকারের আমলে সবচেয়ে বেশি সংখ্যক আসামি যারা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত তারা রাষ্ট্রপতির ক্ষমার মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পেয়েছে। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকারের আমলে সকল রেকর্ড ভঙ্গ করে ফাঁসির আসামিকে দণ্ড থেকে রেহাই দেওয়া হয়েছে।

“স্বাধীনতার পর এ পর্যন্ত মোট ২৫ জন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন। এর মধ্যে ২২ জনকেই ক্ষমা করেছে অবৈধ ও ভোটার বিহীন সরকার।”

Image
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

ফরিদপুরের যুবলীগ নেতা আসলাম আশরাফের ফাঁসির দণ্ড মওকুফ করে দেওয়ার একটি জাতীয় দৈনিকের শিরোনাম উল্লেখ করে তিনি বলেন, “ক্ষমতাসীন দলের নেতা-কর্মী হলেই ফাঁসির দণ্ডসহ সকল দণ্ড মাফ- এ যেন বর্তমান অবৈধ সরকারের আমলে একটি রেওয়াজে পরিণত হয়েছে। ফাঁসির দণ্ডের পর যুবলীগ নেতা আসলাম ফকির সাজা মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে দুইবার প্রাণ ভিক্ষার জন্য আবেদন করে। প্রথমবার নাকচ হয়েছিল, দ্বিতীয়বার গৃহীত হয়।”

ক্ষমতার অপব্যবহারে ক্ষমতাসীন দলের ফাঁসির দণ্ডপ্রাপ্ত নেতা-কর্মীরা পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন রিজভী।

‘দল বিবেচনায়’ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দণ্ড মওকুফের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের দণ্ড রাষ্ট্রপতি কর্তৃক মওকুফ দেওয়ার ঘটনায় খুনিরা আরও উৎসাহিত হচ্ছে।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, ওয়ারেস আলী মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।