ঢাকায় খালেদার সমাবেশে বড় সমাগমের প্রস্তুতি
মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ আয়োজনে এখনও পুলিশের অনুমতি না মিললেও ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নিয়ে রাখছে বিএনপি।
সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আগামী ১ মে শ্রমিক সমাবেশটি যাতে সাফল্যমণ্ডিত হয় এবং ব্যাপক লোক সমাগম ঘটে, তার সর্বাত্মক প্রচেষ্টা আমরা গ্রহণ করেছি।
“কারণ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের গণমানুষের নেত্রী, গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলনের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”
সমাবেশের প্রস্তুতি সম্পর্কে রিজভী বলেন, “সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে বিএনপি কাজ শুরু করেছে। মঙ্গলবার দুপুরে ঢাকা ও আশপাশের জেলাগুলোর নেতাদের নিয়ে একটি সভাও ডেকেছি। বিভিন্ন অঙ্গসংগঠনও কাজ শুরু করেছে।”
আগামী ১ মে শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে শ্রমিকদল গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে। গণপূর্ত অধিদপ্তরের অনুমতি মিললেও পুলিশের অনুমতি এখনো পায়নি শ্রমিকদল।
শান্তিপূর্ণ সমাবেশের প্রস্তুতির স্বার্থে দ্রুত পুলিশের অনুমতি প্রত্যাশা করেন রিজভী।
তিনি বলেন, “আমরা বরাবরই দেখেছি, পুলিশ হীন উদ্দেশ্য নিয়ে সমাবেশের অনুমতি দিতে দেরি করে, যাতে প্রস্তুতির কম সময় পাওয়া যায়। এটা হচ্ছে একটা হীন প্রচেষ্টা। নেতাকর্মীদের বিভ্রান্ত করা- পুলিশ দেবে কি দেবে না। এতে তাদের কোনো লাভ হয় না।”
সংবাদ সম্মেলনে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও কথা বলেন রিজভী।
তিনি বলেন, “তৃতীয় ধাপে নির্বাচন শেষে এখন দেশজুড়ে চলছে আওয়ামী লীগের সশস্ত্র তাণ্ডব। সারাদেশে এখন দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চলছে।”
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সাইফুল ইসলাম পটু প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
