২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসে ঢাকায় খালেদার সমাবেশ

মে দিবসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল, যে কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও যোগ দেওয়ার কথা রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 12:38 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার সকালে দলের যৌথ সভা শেষে দলের জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের বলেন, “বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ১ মে সোহরাওয়ার্দী ‍উদ্যানে শ্রমিক সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।”

এই সমাবেশের অনুমতি চেয়ে শ্রমিক দল গত ২৭ মার্চ গণপূর্ত অধিদপ্তরে আবেদন করেছে জানিয়ে রিজভী বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, পুলিশের অনুমতি সাপেক্ষে সমাবেশ করতে তাদের কোনো আপত্তি নেই।”

তবে এরপর ঢাকা মহানগর পুলিশের অনুমতি চেয়ে আবেদন করা হলেও এখনও সে বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি বলে জানান এই বিএনপি নেতা।

“পুলিশের অনুমতি পাওয়া গেলে আমরা সমাবেশ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

নারায়ণগঞ্জ, টঙ্গী, ফতুল্লা, সাভার, নরসিংদীসহ বিভিন্ন শ্রমিক এলাকা থেকে শ্রমিকদের সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভা হয়।

সভায় অন্যদের মধ্যে রুহুল কবির রিজভী, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুনার রশীদ, আসলাম চৌধুরী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাহবুবুল হক নান্নু, শামুসজ্জামান, শওকত শাহীন, শামীমুর রহমান শামীম, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, নুরুল ইসলাম খান নাসিম, মহানগর বিএনপির কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের মুনির হোসেন, জাসাসের বাবুল আহমেদ, মুক্তিযোদ্ধা দলের আবুল হোসেন, মৎস্যজীবী দলের মিলন মেহেদি, উলাম দলের হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক, তাঁতী দলের আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।