২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার আত্মপক্ষ সমর্থন ফের পেছালো

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানির দিন পিছিয়ে ৫ মে ঠিক করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 02:17 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

সোমবার বিএনপি চেয়ারপারসনের পক্ষে শুনানি মুলতবির আবেদন করা হলে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই আদেশ দেন।

পরে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়া অসুস্থতার কথা ও মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যে অনিয়ম নিয়ে হাইকোর্টে অভিযোগ দেওয়ার কথা জানিয়ে শুনানির জন্য সময় চাওয়া হয়।

“আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ৫ মে আবারও আত্মপক্ষ সমর্থনের দিন রাখেন।”

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট পাঁচ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ২০১৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু করে আদালত।

আসামিপক্ষের আইনজীবীরা ৩১ মার্চ তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদকে জেরা শেষ করেন। ৭ এপ্রিল খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন রাখা হলেও তিনি আদালতে না যাওয়ায় শুনানি পিছিয়ে যায়।

পরে ১৭ এপ্রিল আদালতে হাজির হয়ে খালেদা আবারও সময় চাইলে ২৫ এপ্রিল দিন ঠিক করেন বিচারক।

পুরনো খবর:

খালেদার আপত্তি নাকচ, আত্মপক্ষ সমর্থন ২৫ এপ্রিল