বিচার না হওয়ায় আবার অধ্যাপক খুন: বিএনপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের জন্য ‘বিচারহীনতার সংস্কৃতি’কে দায়ী করেছে বিএনপি।
এই শিক্ষক খুনের ৩৬ ঘণ্টারও বেশি সময় পর রোববার রাতে এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সহিংস তাণ্ডব ও বেআইনী কর্মকাণ্ড এবং বিচারহীনতার কারণে দুষ্কৃতকারীরা বেপরোয়া হয়ে উঠেছে।”
শনিবার রাজশাহী নগরীতে বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক সিদ্দিকীকে। আইএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে খবর এলেও পুলিশের ধারণা বাংলাদেশের জঙ্গিরাই এই হত্যাকাণ্ডে জড়িত।
দেশ এখন ‘ভয়ংকর অরাজকতার’ মধ্যে রয়েছে দাবি করে ফখরুল বলেন,“ভোটারবিহীন সরকারের দুষ্কর্মের কারণেই দুষ্কৃতকারীরা আস্কারা পাচ্ছে এবং সেই কারণেই জীবনবিনাশী কর্মকাণ্ডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
“অন্যদিকে দেশে ভয়ংকর ও আলোচিত হত্যাকাণ্ডগুলো ধারাবাহিকভাবে সংঘটিত হওয়ার পর তা নিয়ে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর দায় স্বীকার দেশের মানুষকে আতঙ্কিত করে তুলছে।”
সরকার নিজেদের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে পার পেতে চাইছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।
অধ্যাপক সিদ্দিকী হত্যায় জড়িত ‘প্রকৃত অপরাধীদের’ খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
আলাদা বিবৃতিতে রাকসুর সাবেক ভিপি ও বর্তমানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকীর খুনিদের ‘গণতন্ত্র, মানবতা, মনন, মণীষা, কৃষ্টি ও সভ্যতার শত্রু’ আখ্যা দিয়ে বলেন, “এই পৈশাচিক ঘটনায় প্রধান দায় সরকারের।
“কেননা ওই বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার কোনোটিতেই তারা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে পারেনি।”
ফখরুল ও রিজভী নিহত অধ্যাপক সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
