২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাচতে না জানলে উঠোন বাঁকা, বিএনপিকে হাছান

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির অবস্থানের সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 08:27 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিএনপি নির্বাচন নিয়ে নানা রকম কথা বলছে, সরে যাওয়ার হুমকি দিচ্ছে। নাচতে না জানলে উঠোন বাঁকা। তারাও নির্বাচন কমিশনের দোষ দিচ্ছেন, সরকারকে দোষারোপ করছেন।

“সবার দোষ না খুঁজে দেশে নিজেদের জনপ্রিয়তা দেখুন, আর নিজেদের দোষ দেখুন।”

দলীয় মনোনয়ন ও প্রতীকে প্রথমবারের মতো ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণের পর থেকে নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ করে আসছে বিএনপি। এজন্য নির্বাচন কমিশনকেও দায়ী করছে তারা।

সর্বশেষ মঙ্গলবারও ঢাকায় এক সভায় ইউপি নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি) কোনো কিছুতেই কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “প্রতিদিন তাণ্ডব চলছে। আমাদের প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে। আর আমাদের নির্বাচন কমিশন একেবারে নির্বাক ও নিশ্চুপ বসে আছেন।”

চলমান রাজনীতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ ইসির বিরুদ্ধে বিএনপির অসন্তোষ প্রকাশের সমালোচনা করেন।

এ সময় তিনি সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের প্রসঙ্গেও কথা বলেন। অভিযোগের প্রমাণ পেয়েই শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেন সাবেক মন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, “শফিক রেহমানকে চাপ দিলে অনেক তথ্য ও সত্য বেরিয়ে আসতে পারে বলে বিএনপি তার পক্ষে অবস্থান নিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

“এখন বিএনপি এক্ষেত্রেও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু করেছে।”

হাছান আরও বলেন, “বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে শফিক রেহমানসহ বিএনপি নেতার পুত্র, জাসাস নেতা সংশ্লিষ্ট থাকার ঘটনা প্রমাণিত করেছে যে- বিএনপি এখন কেবলমাত্র দেশের ভিতরেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়; তারা এখন বিদেশের মাটিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গেও জড়িত।”

স্বাধীনতা পরিষদের সভাপতি শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নেতা ফজলুল হক, জাহাঙ্গীর খন্দকার, আবু হানিফ ও আওয়ামী লীগের সহসম্পাদক এম এ করিম বক্তব্য দেন।