ভালোবাসার মানুষ শফিক রেহমানের সঙ্গে অমানবিক আচরণ: ফখরুল
‘ভালোবাসার মানুষ’ শফিক রেহমানের ‘ন্যায়বিচার’ পাওয়া নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপিঘনিষ্ঠ এই সাংবাদিককে গ্রেপ্তারের পরদিন রোববার ঢাকার ইস্কাটনে তার বাড়িতে গিয়ে স্ত্রী তালেয়া রেহমানের সঙ্গে দেখা করে বেরিয়ে এই দাবি জানান ফখরুল।
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের মামলায় শফিক রেহমানকে শনিবার গ্রেপ্তারের সময় ঠাকুরগাঁওয়ে ছিলেন ফখরুল। সেখানেই তিনি নিন্দা জানিয়েছিলেন।
ঢাকায় ফিরে রোববার দলের নেতাদের নিয়ে ইস্কাটন গার্ডেন রোডে শফিক রেহমানের বাড়িতে যান বিএনপির মহাসচিব।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা সবসময় যেটা চাইব, ন্যায়বিচার ও ইনসাফ। জনাব শফিক রেহমান এদেশের একজন প্রতিথযশা, প্রবীণতম সাংবাদিক। তিনি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বড় মাপের সাংবাদিক। তিনি বিবিসিতে দীর্ঘকাল কাজ করেছেন। তিনি একজন লেখক, তার লেখা মানুষকে অনুপ্রাণিত করে।”
যায়যায়দিনের মাধ্যমে বাংলাদেশে ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভালোবাসা দিবসের প্রচারে শফিক রেহমানের ভূমিকাও তুলে ধরেন ফখরুল।
“তিনি ভালোবাসার জন্য কাজ করতেন। ভালোবাসা দিবসটি তারই বাংলাদেশে নিয়ে আসা। যে মানুষটি মানুষে মানুষে ভালোবাসার জন্য কাজ করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া কতটা অমানবিক হতে পারে, আমরা তা ভেবেও পাই না।”
‘লাল গোলাপ’ শিরোনামের একটি টেলিভিশন অনুষ্ঠান করেন শফিক রেহমান
যুক্তরাষ্ট্রের এক জাসাস নেতার ছেলে এক এফবিআই এজেন্টকে ঘুষ দিলে তার তদন্তে বেরিয়ে আসে, যুক্তরাষ্ট্রপ্রবাসী জয়ের অপহরণের চক্রান্তের তথ্য।
ওই মামলায় দণ্ডিত রিজভী আহমেদ সিজার ওই তথ্য বাংলাদেশের এক সাংবাদিককেও সরবরাহ করেছিলেন বলে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের নথিতে দেখা যায়।
ওই ঘটনায় বাংলাদেশে পুলিশ একটি মামলা করে। ওই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
প্রবীণ একজন একজন সাংবাদিককে রিমান্ডে নেওয়ার সমালোচনা করে ফখরুল দাবি করেছেন, ভিন্ন মতের কারণেই শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
“এই সরকারের ভিন্নমত যারাই পোষণ করছেন, তাদেরকে কোনো না কোনো মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে, অন্তরীণ করা হচ্ছে।
“শফিক রেহমান একজন স্পষ্টবাদী মানুষ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। তিনি সবসময়ে ন্যায়ের পক্ষে সোচ্চার ছিলেন। সেটাই মনে হয় তার একমাত্র অপরাধ।”
তালেয়া রেহমানের সঙ্গে কথা বলার সময় ফখরুলের সঙ্গে ছিলেন আবদুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু, আবদুস সালাম, সাখাওয়াত হোসেন সায়ান্থ, রুমিন ফারহানা, শায়রুল কবির খান।
ব্রিটিশ পাসপোর্টধারী স্বামী গ্রেপ্তারের পর তালেয়া সকালে বারিধারায় ব্রিটিশ দূতাবাসে যান। দুপুরে তিনি ফেরার পর বিএনপি নেতারা যান তার বাড়িতে।
