২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিক রেহমানকে গ্রেপ্তারের নিন্দা ইমরান সরকারের

সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্যোশাল মিডিয়া ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 11:49 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

শনিবার রাতে নিজের ফেইসবুক পেইজে এক পোস্টে তিনি বলেন, “৮১ বছর বয়সী প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তার ও রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শফিক রেহমানের রাজনৈতিক আদর্শের সাথে আমি একমত নই। ভিন্নমতের হলেই তাকে দমন করার যে নোংরা রাজনৈতিক অপকৌশল, এর একটা অবসান চাই।”

শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের বাড়ি থেকে বিএনপিঘনিষ্ঠ এই সাংবাদিককে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরের পর তাকে ঢাকার আদালতে পাঠানো হয়।

Image
গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে আদালতে শফিক রেহমান। ছবি: আসিফ মাহমুদ অভি

গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে আদালতে শফিক রেহমান। ছবি: আসিফ মাহমুদ অভি

আদালত ২০১৫ সালে করা ওই মামলায় শফিক রেহমানকে পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।

ইমরান এইচ সরকার তার ফেইসবুক পোস্টে অশীতিপর এই সাংবাদিককে ‘অপহরণের বায়বীয় অভিযোগে’ গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে হতাশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, “দেশে যখন একের পর এক মানুষ খুন হচ্ছে, লেখক-প্রকাশক-বিদেশি থেকে শুরু করে মসজিদ-মন্দিরে ঢুকে মুয়াজ্জিন-পুরোহিতকে হত্যা করা হচ্ছে তখন খুনীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অপহরণের বায়বীয় অভিযোগে এমন একজন প্রবীণ সাংবাদিককে গ্রেপ্তার সত্যিই হতাশাজনক।”

“আমি প্রত্যাশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং প্রতিপক্ষকে দমনের চেয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দিকে মনোযোগী হবে,” বলেন একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে উঠা আন্দোলনের মুখপাত্র ইমরান।

পুরনো খবর:

গ্রেপ্তার শফিক রেহমান রিমান্ডে