শফিক রেহমানের গ্রেপ্তার সরকারের চরম স্বেচ্ছাচারিতা: খালেদা
সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারকে সরকারের ‘চরম স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ তুলে নিয়ে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের পক্ষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো বিবৃতিতে শফিক রেহমানকে তার বাসা থেকে সাদা পোষাকের পুলিশ দিয়ে তুলে নেওয়ার নিন্দা জানানো হয়।
খালেদা জিয়া বলেন, “শফিক রেহমান সত্য উচ্চারণের অবিচল এক সাহসী কলমযোদ্ধা। তাকে কব্জা করতে না পেরে সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। এটা সরকারের চরম স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ।”
শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে বিএনপিঘনিষ্ঠ এই সাংবাদিককে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার পর এর মধ্যেই প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
প্রথমে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার ২০১৫ সালের অগাস্ট মাসের পল্টন থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানালেও পরে তা সংশোধন করেন।
জয়কে ‘অপহরণের চক্রান্তে’ এফবিআইকে ঘুষ দেওয়ায় যুক্তরাষ্ট্রে বিএনপির এক নেতার ছেলের দণ্ডের ঘটনায় বাংলাদেশ পুলিশ যে মামলাটি করেছিল, তাতেই শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পরে জানান তিনি।
মারুফ সরদার বলেন, “২০১৩ সালে শফিক রেহমান বিদেশ গিয়েছিলেন। তখন এই ষড়যন্ত্রকারীদের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে।”
শফিক রেহমানের বাইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে খালেদা জিয়া। (ফাইল ছবি)
“শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে এজন্য যে, তিনি বর্তমান শাসকগোষ্ঠীর অনাচার, ব্যর্থতা ও কূপমণ্ডুকতার বিরুদ্ধে অবিচল থেকে নির্ভয়ে লিখে যান। এই ঘৃণ্য অপকর্মটি করার আরেকটি কারণ হলো, সরকারপ্রধানের গণবিরোধী, অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী নীতি শফিক রেহমান তার শাণিত লেখনির মাধ্যমে ফুটিয়ে তোলেন।”
গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলায় জড়িয়ে দেশের প্রতিথযশা সাংবাদিক ও সম্পাদকদের গ্রেপ্তার করে নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।
“অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এখন দেশের স্পষ্টভাষী ও সত্য উচ্চারণে অকুণ্ঠ বিদ্বৎজনদেরকেও নির্মূলের মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে তার পছন্দের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সংখ্যক সদস্যদের দিয়ে। তাদের সেই দুরভিসন্ধি ও নির্মম আচরণের বহিঃপ্রকাশ ঘটলো অশীতিপর, দুর্জয় সাহসী সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে।”
সরকারপ্রধানের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাক, ব্যক্তি, লেখনি, ভাষণ, মুদ্রনের স্বাধীনতাসহ জনগণের সকল গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করবেন না।
“আপনি কখনো শফিক রেহমানের মতো ঋজু ও আত্মশক্তিতে বলিয়ান কলমযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে পর্যুদস্ত করতে পারবেন না। কারণ আপনার সরকার আজ গণবিচ্ছিন্ন ও জনগণের শক্রপক্ষ।”
অপর এক বিবৃতিতে গাজীপুরের নির্বাচিত মেয়র অধ্যাপক আবদুল মান্নানের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তির দাবি জানান খালেদা জিয়া।
