২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে সংহতি প্রকাশকারীদের বিচার চান হাছান মাহমুদ

সংঘর্ষে নিহতের ঘটনার পর বাঁশখালীতে গিয়ে কয়লা বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে সংহতি প্রকাশকারীরা ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চাইছেন মন্তব্য করে তাদেরও বিচার দাবি করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 10:10 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

“বাঁশখালীর ঘটনায় যারা ইন্ধন দিয়েছে এবং যারা পরবর্তীতে সেখানে গিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন, তাদের সবার বিচার করার দাবি আমি সরকারের কাছে করছি,” সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন ক্ষমতাসীন দলের এই নেতা।

বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারীদের বিক্ষোভে সম্প্রতি পুলিশ গুলি চালালে চারজন নিহত হন।

নাগরিক কমিটি তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির নেতারা দুদিন আগেই সেখানে গিয়ে আন্দোলনকারী গ্রামবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করেন।

সাবেক পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ আন্দোলনকারীদের সমালোচনা করে বলেন, “অর্থনীতি, রাজনীতি, বাংলা ও আইনের ছাত্রও এখন পরিবেশবিদ। পরিবেশ ও সমসাময়িক প্রযুক্তি সম্পর্কে এক-দুই লাইন পড়াশোনা না করেও আজকে যারা কথা বলছেন, তারা উন্নয়নের শত্রু।”

বাঁশখালীতে নানাভাবে উস্কানি দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে প্রশাসনের বিপরীতে দাঁড় করানো হয়েছিল বলে দাবি করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘শেখ হাসিনার রাজনীতি, উন্নয়নের মূলনীতি’ শীর্ষক ওই আলোচনা সভার প্রধান অতিথি হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনাও করেন।