টিউলিপের কোলজুড়ে কন্যা সন্তান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের কোলজুড়ে এসেছে কন্যা সন্তান।
শনিবার লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে নিজের প্রথম সন্তানের জন্ম হয় বলে এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় সকাল ১০টার দিকে টিউলিপ লিখেন, “ক্রিস পার্সি ও আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের কন্যা আজেলিয়া জয় পার্সির জন্মের ঘোষণা দিচ্ছি।”
টুইটে রয়্যাল ফ্রি হাসপাতালের কর্মীদেরও সেবার প্রশংসাও করেন যুক্তরাজ্য পার্লামেন্টে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির এই এমপি।
নিজের নামের মতোই মেয়ের নাম ফুলের নামে রাখবেন বলে ভেবেছিলেন। তাই ‘আজেলিয়া’ ফুলের নাম দিয়েছেন মেয়ের।
২০১৩ সালে রিজেন্ট পার্ক এলাকার কাউন্সিলর থাকার সময় যুক্তরাজ্যের নাগরিক পার্সিকে বিয়ে করেন টিউলিপ। পরের বছরের মে মাসে সাধারণ নির্বাচনে পার্লামেন্ট সদস্য হন তিনি।
লেবার পার্টির রাজনীতিতে ‘উদীয়মান তারকা’ টিউলিপ সেপ্টেম্বরে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক শ্যাডো মিনিস্টার মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিবের (পিপিএস) স্থায়ী দায়িত্ব পান।
এছাড়াও তিনি নারী ও সমতা বিষয়ক যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
