২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ চুরি: বিএনপির ‘গবেষণা প্রতিবেদন’ গভর্নরকে

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনাটি নিয়ে ‘গবেষণা’ চালিয়ে বিএনপি যা জেনেছে, তার প্রতিবেদন গভর্নরকে দেওয়া হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 06:21 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার দুপুরে গভর্নর ফজলে কবিরের কাছে সুপারিশগুলো হস্তান্তর করতে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে যান বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

গভর্নরের কার্যালয় থেকে বেরিয়ে সালাম সাংবাদিকদের বলেন, “রিজার্ভ চুরির ঘটনাটি কীভাবে ঘটেছে, সেই মেকানিজমটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশ ব্যাংক যদি দোষী ব্যক্তিদের খুঁজে বের করতে, তাহলে এখান থেকে ভালো সহযোগিতা পাবে।”

গভর্নরের কাছে এধরনের প্রতিবেদন নিয়ে যাওয়ার কারণও ব্যাখ্যা করেন এই বিএনপি নেতা।

“রিজার্ভ চুরির টাকা জনগণের টাকা। বিএনপি জনগণের রাজনীতি করে। রিজার্ভ চুরিতে আমরা উদ্বিগ্ন ছিলাম। সাথে সাথে দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে আমরা গবেষণা শুরু করি। তা আজকে আমরা গভর্নরের কাছে জমা দিলাম।”

গত ফেব্রুয়ারি মাসে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের ১০ কোটি ডলার হ্যাকিংয়ের মাধ্যমে লোপাট হয় বলে গণমাধ্যমে খবর আসে।

ঘটনাটি চেপে রেখে সমালোচনার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে পদত্যাগ করতে হয়।  

বিএনপি বলছে, বাংলাদেশে উচ্চ পর্যায়ের কারও যোগসাজশ ছাড়া এই অর্থ লোপাট সম্ভব নয়।

পুরনো খবর:

উচ্চপর্যায়ের যোগসাজশ ছাড়া অর্থ লোপাট সম্ভব নয়: বিএনপি