২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চপর্যায়ের যোগসাজশ ছাড়া অর্থ লোপাট সম্ভব নয়: বিএনপি

কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ের ব্যক্তিদের যোগসাজশ ছাড়া রিজার্ভের অর্থ সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি বলে মনে করে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 05:47 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

মঙ্গলবার এক ব্রিফিংয়ে গত ৪ ও ৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ লোপাটের ওপর একটি বিশ্লেষণমূলক পর্যালোচনা উপস্থাপন করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ এমনটাই দাবি করেন।

রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে সুইফট সিস্টেম ব্যবহার করে ফিলিপাইনের রিজল ব্যাংক ও শ্রীলংকার প্যানএশিয়া ব্যাংকে প্রায় ৮০০ কোটি টাকা স্থানান্তরের পুরো বিষয়টি তথ্য-উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করা হয়।

এতে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংকের ৯৫১ মিলিয়ন ডলার স্থানান্তরের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাছে ৩৫টি বার্তা পাঠানো হয়। এর মধ্যে ৩০টি বার্তায় অপর্যাপ্ত তথ্যের কারণে ৮৫০ মিলিয়ন ডলার সরানো যায়নি।

পাঁচটি বার্তা সফল হওয়ায় ১০১ মিলিয়ন ডলার স্থানান্তর হয়। এর মধ্যে রিজল ব্যাংকে স্থানান্তর হয় ৮১ মিলিয়ন ডলার। একটি বার্তা শ্রীলংকার প্যানএশিয়া ব্যাংকে যায়, যার মাধ্যমে সরিয়ে নেওয়া হয় ২০ মিলিয়ন ডলার। পরে প্রাপকের নামের বানান ভুলের কারণে শ্রীলংকার ওই ব্যাংক থেকে অর্থ বাংলাদেশ ব্যাংকের ফেরত পাঠানো হয়।

শামা বলেন, “সুইফট বিশ্ব পরিসরে ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন সমূহের মাধ্যমে আর্থিক লেনদেনের তথ্য পেয়ে থাকে। এজন্য রয়েছে মানসম্পন্ন নেটওয়ার্ক। প্রত্যেক সদস্য ব্যাংক লাইসেন্সপ্রাপ্ত হয়ে একটি একক পরিচিত কোড, সফটওয়্যার এবং সেবা পায়, যার দ্বারা সুইফটনেটের সঙ্গে যুক্ত হতে পারে। এটি প্রতিদিন দুই কোটি আর্থিক বার্তা আদান-প্রদান করে এবং এর সঙ্গে বিশ্বের ১০ হাজারের বেশি আর্থিক প্রতিষ্ঠান জড়িত।”

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের ইউনির্ভাসিটি অফ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ম্যাট বিশপ স্কাইপের মাধ্যমে বক্তব্য রাখেন।

অর্থ লোপাটের বিষয়ে তিনি বলেন, “এটা স্পষ্ট যে, কোথাও না কোথাও খারাপ লোকদের দুরভিসন্ধি জড়িত। … যার সুইফট সিস্টেমটি ব্যবহারের অনুমতি আছে, তিনি ছাড়া অন্য কারও এই সিস্টেমে প্রবেশ করার অনুমতি নাই, এমন কেউ এতে জড়িত ছিলে।”

‘ম্যালওয়ার’ এর মাধ্যমে ওই অর্থ লোপাটের সম্ভাবনা নাকচ করে দেন তিনি।

শেইন সুক নামের যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা বিশ্লেষকের বক্তব্য উদ্ধৃত করে শামা ওয়ায়েদ বলেন, “তিনি বলেছেন, ভেতরকার (কেন্দ্রীয় ব্যাংক) মানুষ জড়িত না থাকলে এটি প্রায় অসম্ভব। যদি ভেতরকার লোকজন জড়িত না থাকে, তাহলে আক্রমণকারীদেরকে (হ্যাকার) ভেতর থেকে সহায়তা করা হয়েছে। এই ধরনের অপরাধ করার জন্য যে কোনো ব্যক্তির ব্যাংকিং শিল্প সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।

“এই লুণ্ঠন বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কারও কাজ, যাদের কাছে সুইফট কম্পিউটারের পাসওয়ার্ড, ফিজিক্যাল কীসহ ডঙ্গল, বায়োমেট্রিকস সনাক্তকরণের মাধ্যমে প্রবেশাধিকার রয়েছে।”

সকল প্রামাণিক সাক্ষ্য, সুইফট নেট আর্কিটেকচার ও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে এটা পরিষ্কার, এই অর্থ লুণ্ঠন কোনো হ্যাংকি কিংবা ম্যালওয়ার এর কারণে ঘটেনি। এটি বাংলাদেশ ব্যাংকের একটি ডিজিটাল রবারিং (ডিজিটাল ডাকাতি), বলেন শামা।

অর্থ লোপাটের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাইবার নিরাপত্তা পরামর্শক ওয়ার্ল্ড ইনফরমেটিক্সের ব্যবস্থাপনা পরিচালক রাকেশ আস্তানার ‘নিশ্চুপ’ থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে সূচনা বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ লোপাটের ঘটনার জন্য সরকারকে দায়ী করেন।

তিনি বলেন, “রাজকোষের এই লুণ্ঠন আমাদের ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের ওপর চরম আঘাতের সামিল। এই ভয়াবহ ঘটনায় দেশের ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণ আস্থা হারাবে। শুধু গভর্নরের পদত্যাগই এই সমস্যার সমাধান নয়, নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উৎঘাটন করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।

ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, ইনাম আহমেদে চৌধুরী, রিয়াজ রহমান, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ ও কলামনিস্ট মাহফুজউল্লাহ উপস্থিত ছিলেন।