২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোট: এবার জোট নেতাদের ডাকলেন খালেদা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম দুই ধাপের সহিংসতা ও অনিয়মের প্রেক্ষাপটে পরবর্তী চার ধাপে থাকা না থাকার বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মতামত নিয়েছেন চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 12:30 AM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর খালেদা জিয়া এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার রাতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের প্রায় দুই ঘণ্টার এক বৈঠকের পর রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি চেয়ারপারসন কাল রাত সাড়ে ৮টায় জোট নেতাদের ডেকেছেন। এরপর এ বিষয় গণমাধ্যমকে জানানো হবে।”

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বলেন, “নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার মতামত ম্যাডামকে জানিয়েছেন। তবে বর্জনের সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছেন বেশিরভাগ।

“কারণ দুই ধাপে যেসব নির্বাচন হয়েছে, সেগুলোতে ভোট ডাকাতি হয়েছে। তাই বলে মাঠ ছেড়ে চলে আসাটা ঠিক হবে না। সরকারি দল ও সরকারের ‍মুখোশ দেশবাসী ও বিশ্ববাসীকে জানাতে নির্বাচনের মাঠে থাকতে হবে।”

গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ভোট শেষে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে বাকি ধাপগুলো বর্জনের হুমকি দিয়ে আসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন শুক্রবার বাকি ধাপের ভোট বর্জনের পক্ষে যক্তি তুলে ধরে দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

চলমান নবম ইউপি নির্বাচনের প্রথম দুই ধাপ মিলিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা ৯৮৪টিতে এবং বিএনপির প্রার্থীরা ১০৮টিতে জয় পেয়েছেন।

গতবছরের শেষভাগে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।

ভোটের দিন কেন্দ্র দখল করে বাক্স বোঝাই করাসহ ব্যাপক অনিয়মের অভিযোগ করে আসছেন বিএনপি নেতারা। 

ইউপি নির্বাচন বিষয়ে করণীয় নির্ধারণ করতে রোববার রাত সাড়ে ৯টায় গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠকে বসেন চেয়ারপারসন।

বৈঠকে অন্যদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, হারুন আল রশীদ, মাহমুদুল হাসান, শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, খন্দকার মাহবুব হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, মীর নাসিরউদ্দিন, আবদুল আউয়াল মিন্টু, আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, রুহুল আলম চৌধুরী, আহমেদ আজম খান, মাজেদুল ইসলাম, আবদুল হালিম, সুজাউদ্দিন, আবদুর রশিদ সরকার, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, মশিউর রহমান, ফজলুল হক মিলন, গোলাম আকবর খোন্দকার ও আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।