২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোট: জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বসছেন খালেদা

ইউপি নির্বাচনের পরবর্তী ধাপগুলোর ভোট বর্জনের হুমকির মধ্যেই বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ‘জরুরি’ বৈঠকে ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 12:45 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

রোববার রাতে ৯টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ম্যাডাম বৈঠক ডেকেছেন আজ। দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিল, যুগ্ম মহাসচিবদের এই বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা।”

চলমান নবম ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দুই ধাপ মিলিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা যেখানে ৯৮৪ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সেখানে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন ১০৮ ইউপিতে।

গতবছর শেষ ভাগে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ভোট ঘিরে গোলযোগ ও সহিংসতায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। ভোটের দিন কেন্দ্র দখল করে বাক্স বোঝাই করাসহ ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন বিএনপির নেতারা।  

গিত ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ভোট শেষে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান ইসি সচিবালয়ে গিয়ে সিইসি কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে দেখা করে বাকি ধাপগুলো বর্জনের হুমকি দিয়ে আসেন।

দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনও শুক্রবার বাকি ধাপের ভোট বর্জনের দাবি জানিয়ে দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

দলের স্থায়ী কমিটির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেভাবে ইউপি নির্বাচন হচ্ছে, তাতে বিএনপির ধানের শীষের মর্যাদা নষ্ট হচ্ছে। আমরা এই জনপ্রিয় প্রতীককে অপমান করতে পারি না।

“এটা স্পষ্ট হয়ে গেছে যে এ সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে কোনো পর্যায়ের নির্বাচন সুষ্ঠু হবে না। এ ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিৎ।”

ক্ষমতাসীন আওয়ামী লীগ অবশ্য বিএনপির ভোট বর্জনের হুমকিকে ‘ব্যর্থতার লজ্জায়’ সরে যাওয়ার চেষ্টা হিসেবে দেখছে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, “নির্বাচনে বিএনপি জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছে। সে কারণে তাদের চরম ভরাডুবি হয়েছে “