২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাসীনদের ‘সংঘাতের পথ’ ছাড়তে বললেন খালেদা

বাংলাদেশের রাজনৈতিক সঙ্কটের সমাধানে ক্ষমতাসীন দলকে ‘সংঘাতের পথ ছেড়ে’ আবারও সংলাপে  আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যার বিরুদ্ধে আগের দিন নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার ইসলামী ঐক্যজোটের সম্মেলনে খালেদা বলেন, “দেশের সঙ্কট ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের একটি প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সকলের সঙ্গে আলাপ-আলোচনার আহবান জানিয়েছি। বল এখন শাসক দলের কোর্টে।

“তারা সংঘাতের পথ ছেড়ে সংলাপের পথে সমস্যার সমাধান করেব বলে আমি আশা করি।”

২০১৫ সালের শুরুতে বিএনপির টানা তিন মাসের অবরোধ-হরতালে নাশকতা-সহিংসতায় দেড় শতাধিক মানুষের মৃত্যুর জন্য বিএনপিনেত্রীকেই দায়ী করে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। 

যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা ছুড়ে হত্যার এক মামলায় বুধবার খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।

অবশ্য বিএনপি নেতাদের দাবি, তাদের দলকে ‘নিশ্চিহ্ন’ করতে সরকার ‘ষড়যন্ত্রমূলকভাবে’ ওই মামলা করেছে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা বলেন, “দেশে আজ গণতন্ত্র নেই। জনগণের সরকার নেই। সুশাসন নেই। সবখানে নৈরাজ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটেছে। কারও কোনো নিরাপত্তা নেই।”

কেন্দ্রীয় ব্যাংকে থাকা জনগণের অর্থ-সম্পদও এখন ‘নিরাপদ নয়’ এবং ‘ডিজিটাল ডাকাতি করে’ বিদেশে সম্পদের ‘পাহাড় গড়ে তোলা হচ্ছে’ বলেও অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতির মামলাও রয়েছে।

“শুধু তাই নয়, সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থা বিপর্য্স্ত। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যা, নারীর সম্ভ্রম হরণ, দুর্নীতি, লুন্ঠন অতীতের সব সীমা ছাড়িয়ে গেছে। তরুণরা বিপথগামী হচ্ছে। সাধারণ মানুষ সীমাহীন দুঃখ-দুর্দশার মধ্যে রয়েছে।”

দেশের ‘চলমান সঙ্কট মোচনে’ আলেম সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খালেদা।

জাতীয় স্বার্থ রক্ষায় ক্ষমতাসীনদের কোনো ‘উদ্যোগ নেই’ মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, “আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে বিচ্ছিন্ন ও বন্ধুহীন করে ফেলা হয়েছে। বন্ধুত্বের বদলে গোলামীর পথ বেছে নিয়ে শাসকেরা তাদের গদি রক্ষায় ব্যস্ত।”

এ সরকারের অধীনে কোনো ধর্মের লোকই ‘নিরাপত্তা পাচ্ছে না’ বলে খালেদার অভিযোগ।

“এখন যারা ক্ষমতায় আছে তারা অন্য ধর্মের নাগরিকদের ভোটই শুধু চায় না, তাদের সহায় সম্পদও ক্ষমতাসীনরা দখল করে নিচ্ছে। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়।”

দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে যে ‘ভিশন-২০৩০’ ধারণা খালেদা দিয়েছেন, সে প্রসঙ্গেও কথা বলেন খালেদা।

“দেশের সমস্যা ও  সঙ্কট থেকে বেরিয়ে আসার একটা দিকনির্দেশনা আমরা তুলে ধরেছি। আমরা মনে করি, যে অসুস্থ রাজনৈতিক ধারা দেশে চালু হয়েছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে হবে নতুন সম্ভাবনার পথ।”

সম্মেলনে উপস্থিত ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীদের উদ্দেশ্যে খালেদা বলেন, “বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামে আলেম সমাজ পিছিযে ছিলেন না। স্বাধীন দেশের মানুষের অধিকার ও ইনসাফ কায়েমের জন্য আপনারা অকাতরে জীবন দিতেও পিছপা হননি। আগামীতেও আপনাদের সে ভূমিকা দেশবাসী আশা করে।”

গত ৭ জানুয়ারি আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোট জাতীয় সম্মেলন করে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলে মাওলানা আবদুর রকিবের নেতৃত্বে এই অংশটি জোটে থাকার সিদ্ধান্ত নেয়।

এ অংশের চেয়ারম্যান মাওলানা আবদুর রকিবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসেন কাশেমী, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলাম এর সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিম খান, যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা শওকত আমিন, নেজামী ইসলাম পার্টির মাওলানা আবদুর রহমান চৌধুরী, মাওলানা কামরুজ্জামান সম্মেলনে  বক্তব্য দেন।

এছাড়া কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির  খন্দকার গোলাম মুর্তজা, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির সেলিম মাস্টার, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।