২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোটের পরের তিন ধাপ বর্জনের হুমকি বিএনপির

ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ইউপি নির্বাচনের শেষ তিন ধাপ বর্জনের হুমকি দিয়েছে বিএনপি।    

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 06:12 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউনিয়নে ভোটগ্রহণের পর ইসি সচিবালয়ে গিয়ে সিইসি কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে দেখা করে এই হুমকি দেন দলটির যুগ্মমহাসচিব মোহাম্মদ শাহজাহান।  

এবার ইউপি নির্বাচন হচ্ছে ছয় ধাপে। দুই ধাপের ভোট শেষ হয়েছে। আরও একধাপ দেখতে চায় বিএনপি।

২৩ এপ্রিল তৃতীয় ধাপের ভোট তাদের কাছে সুষ্ঠু মনে না হলে বাকি তিন ধাপ বর্জন করবে তারা।

শাহজাহান বলেন, “নির্বাচন কমিশন খারাপ নির্বাচনের পক্ষে সাফাই গাইছে। সিইসির ক্ষমতা কী, তার যে কোনো ক্ষমতা রয়েছে, তার যথাযথ প্রয়োগ তিনি করতে পারছেন না। সিইসি মুখে না বললেও তার পুরো অবয়বে অসহায়ত্ব ফুটে উঠেছে।”

ক্ষমতাসীন দলের প্রার্থী, এজেন্ট, দলীয় নেতাকর্মী, আইন শৃঙ্খলাবাহিনী, স্থানীয় প্রশাসন একাট্টা হয়ে ‘ভোট দখলের উৎসবে’ রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা।

“এটা যেন কোনো নির্বাচন নয়, সন্ত্রাসীদের উৎসব। ভোটারবিহীন কেন্দ্র দখলের মহড়া। যা নিয়ে ইসি কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। দু-একটা বিচ্ছিন্ন ঘটনার কথা বলে সুষ্ঠু ভোট বলে ইসি সাফাই গাইছে।”

শাহজাহান বলেন, “দুই ধাপের পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি আমরা। কী ব্যবস্থা নেয়, তা দেখব। তৃতীয় ধাপেও যদি এরকম সন্ত্রাসী, দখলের ভোট হয়, সুষ্ঠু ভোট আয়োজনে ইসি ব্যর্থ হয়; পরবর্তী তিন ধাপে ভোটে থাকব কি থাকব না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আমাদের।”

Image
নাটোরের লালপুরের বাকনাই গ্রামে নির্বাচনী সংঘাতে হামলার শিকার বাড়ি

নাটোরের লালপুরের বাকনাই গ্রামে নির্বাচনী সংঘাতে হামলার শিকার বাড়ি

পরবর্তী নির্বাচনগুলোয় সুষ্ঠু ভোটের বিষয়ে সিইসি আশ্বাস দিয়েছে জানিয়ে তিনি বলেন, “দেখা যাক কী হয়।”

নির্বাচনী সংঘাতে প্রাণহানি ঠেকাতে ব্যর্থতার জন্যও ইসির সমালোচনা করেন বিএনপি নেতা।

“খেলা শেষ হওয়ার আগেই শেষ করে ফেলা হচ্ছে, ফল আগেই জানিয়ে দেওয়া হচ্ছে; মানুষের রক্ত ঝরছে, লোকজন ঘরে থাকতে পারছে না-এমন নির্বাচন করে লাভ নেই; যার কোনো গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নেই।”

১১ ফেব্রুয়ারি ইউপি ভোটের তফসিলের পর থেকে এ পর্যন্ত ৩০ জন প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইসিতে বিএনপি প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুজাউদ্দিন, সহ প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স।