২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে অগাস্ট মামলার প্রথম তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

একুশে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের দুই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার তৎকালীন এসআই আমির হোসেন সাক্ষ্য দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 08:53 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন সোমবার তার সাক্ষ্য নেন।

সাক্ষীকে আসামিপক্ষ থেকে জেরার জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে একুশে অগাস্টের হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুই মামলায় রাষ্ট্রপক্ষে ২২৩ জনের সাক্ষ্য নেওয়া হলো।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, আমির হোসেন জবানবন্দিতে বলেছেন মতিঝিল থানার তৎকালীন কর্মকর্তা হিসেবে তিনি ২০০৪ সালের ২২ অগাস্ট গ্রেনেড হামলা মামলার তদন্তভার গ্রহণ করেন। এরপর তিনি ঘটনাস্থলের খসড়া মানচিত্র তৈরি  করেন।

গ্রেনেড হামলার পর ঘটনাস্থলে পড়ে থাকা রক্ত মাখা জামা-কাপড়, স্যান্ডেল, বিস্ফোরিত গ্রেনেডের টুকরো ও আওয়ামী লীগের সমাবেশে মঞ্চ হিসেবে ব্যবহার করা ট্রাক জব্দ করেন।

মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হলে ওই বছরের ২৩ অগাস্ট তিনি তদন্ত সংক্রান্ত নথিপত্র ডিবির কাছে হস্তান্তর করেন।

এ ছাড়া আওয়ামী লীগ নেতা এম এ জলিল, আ ফ ম বাহাউদ্দিন ও সাবের হোসেন চৌধুরীর মতিঝিল থানায় করা অভিযোগ তিনি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেন বলে আদালতকে জানিয়েছেন পুলিশ সদস্য আমির।