তারেকের ‘বিশেষ ভূমিকাটি’ কী: হাছান মাহমুদ
জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের কী দায়িত্ব বিএনপি সুনির্দিষ্ট করতে চাইছে, তা জাতির কাছে স্পষ্ট করতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
দলের দ্বিতীয় শীর্ষ পদে খালেদা জিয়ার ছেলের দায়িত্ব সুনির্দিষ্ট করতে আসছে কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব উঠছে বলে দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের প্রেক্ষাপটে এই আহ্বান জানান ক্ষমতাসীন দলের এই নেতা।
হাছান মাহমুদ বলেন, “তারেক রহমানের বিশেষ ভূমিকাটা কী? সন্ত্রাসী কর্মকাণ্ড, না দেশবিরোধী ষড়যন্ত্র। কারণ দেশের মানুষ ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে দেখেছে তারেক রহমানের কর্মকাণ্ড। লন্ডনে বসে তিনি দেশে বিএনপি-জামায়াতের জঙ্গি-সন্ত্রাসীদের দিয়ে নৈরাজ্য চালিয়েছিলেন।
“বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের মানুষের হাজার হাজার টাকা বিদেশে পাচার করেছিলেন দুর্নীতির এ বরপুত্র। তাই এখন আবার তারেক রহমানের বিশেষ কী ভূমিকার জন্য বিএনপির গঠনতন্ত্র সংশোধন করা হবে তা জাতি জানতে চায়।”
লন্ডনে এক সভায় তারেক রহমান
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির কাউন্সিল নিয়ে কথা বলেন সাবেক মন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, “পত্রিকায় দেখলাম বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাওয়ার জন্য দলটির নেতাকর্মীরা জোর লবিং চালাচ্ছে। বিএনপি চেয়ারপারসনকে বলতে বলব, ছাত্রদলের প্রায় এক হাজার জনের মতো কমিটি করে আপনি যে চমক দেখিয়েছেন, বিএনপির কমিটি গঠনেও একই ধরনের চমক দেখাবেন কি না? তা আমরা দেখতে চাই।”
বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সভাপতি জাকির আহমেদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজাও সভায় বক্তব্য রাখেন।
