২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসুস্থ’ সালাহ উদ্দিন দিল্লিতে

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ চিকিৎসার জন্য শিলং আদালতের অনুমতি নিয়ে দিল্লি গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 01:40 AM

Updated : 12 Apr 2022, 01:36 AM

সাবেক এই প্রতিমন্ত্রী জানিয়েছেন, শিলং থেকে বিমানে বৃহস্পতিবার বিকাল ৪টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সালাহ উদ্দিন বলেন, “আমি ভীষণ অসুস্থ। কিডনি জটিলতা ও স্পাইনাল কর্ডের ব্যথা প্রচণ্ড। চিকিৎসকদের পরামর্শে কাল আমি হরিয়ানায় মেদান্তা হাসপাতালে ভর্তি হব। সব আনুষ্ঠানিকতাও করে রাখা হয়েছে।”

চর্ম রোগও তাকে ভীষণ কষ্ট দিচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমার হৃদযন্ত্রে ব্লক রয়েছে কয়েকটি। সব মিলে আমার অবস্থা ভালো নয়।”

ঢাকা থেকে উধাও হওয়ার দুই মাস পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে হদিস মেলে সালাহ উদ্দিনের।

তারপর আটক হয়ে কিছু দিন কারা হেফাজতে হাসপাতালে ছিলেন তিনি। স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে পরে তাকে জামিন দেয় আদালত।

বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ আরোগ্য লাভের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

“আমি সবার কাছে দোয়া চাই। আমার ভাগ্য এতোই মন্দ যে, এক বছর আগে নিখোঁজ হওয়ার পর শিলংয়ে আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

“... আমি শিলং থেকে চিকিৎসার জন্য দিল্লি এসেছি। শিলং ম্যাজিস্ট্রেট আদালতের কাছে আমার আইনজীবী অসুস্থতার বিষয়টি জানিয়ে আবেদন জানালে আদালত আমাকে দিল্লি যাওয়ার অনুমতি দেন।”

মেঘালয়ে সন্ধান মেলার পর তিনি দাবি করেন, তাকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছিল।

অবৈধ অনুপ্রবেশের জন্য ভারতের আদালতে সালাহ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে, যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।