২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষোভ থেকে বাঁচাতেই খালেদা-তারেককে নির্বাচন: হাছান

কাউন্সিলর ও ডেলিগেটদের ক্ষোভ থেকে বাঁচাতে আগেভাগেই বিএনপির দুই শীর্ষ পদে নির্বাচন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগনেতা হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 05:58 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

মঙ্গলবার রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, “কাউন্সিলের দিন নির্ধারণ করে এর আগে নেতা নির্বাচন হয় না, এটাই আমরা জানি। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান কাউন্সিলের আগেই নির্ধারণ হয়ে গেছে।”

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ নামের একটি সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ ও মানববন্ধন করে।

ক্ষমতাসীন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, “বিএনপির এই দুই শীর্ষ নেতা বেগম খালেদা ও তারেক রহমান সারা দেশ থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটদের ক্ষোভের মুখে পড়তে পারেন বলেই চোরাগোপ্তাভাবে তাদেরকে নির্বাচিত করা হয়েছে।”

আপিল বিভাগ জামায়াতনেতা মীর কাসেম আলীর ফাঁসি বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

গত রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের মতো বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া।

এছাড়া টানা দ্বিতীয়বার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন খালেদার বড় ছেলে তারেক রহমান, যিনি জরুরি অবস্থায় গ্রেপ্তার এবং জামিনে মুক্তির পর ডজন খানেক মামলা মাথায় নিয়ে ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে রয়েছেন।

পুরনো খবর:

বিএনপির শীর্ষ দুই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত খালেদা-তারেক