২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলে ‘ফিনিক্স’ হবে বিএনপি: ফখরুল

গ্রিক উপকথার ফিনিক্স পাখি যেমন করে ভস্ম থেকে ফের পুনর্জীবন পেয়েছিল, তেমনি বিএনপিও জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে ‘আবার জেগে উঠবে’ বলে আশা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 08:57 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

শুক্রবার এক স্মরণসভায় তিনি বলেন, “আজ আমাদের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে। তারপরও আমাদের নেতা-কর্মীরা কিন্তু কেউ হতাশ হয়ে যায়নি। বরং নতুন চেতনায় নতুন সাহস নিয়ে তারা পুর্নগঠিত হচ্ছে।

“আসন্ন যে কাউন্সিল, তার মধ্য দিয়ে সারা দেশে বিএনপি আবার সেই ফিনিক্স পাখির মতো জেগে উঠবে ইনশাল্লাহ। আমরা নিশ্চয়ই আমাদের অধিকার ফিরিয়ে আনতে পারব; ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে পারব। জনগণের একটি সরকার গঠন করতে আমরা সক্ষম হব।”

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘হাতকে শক্তিশালী’ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমাদের ভুলে গেলে চলবে না, দেশের মানুষ তাদের মুক্তির জন্য বিএনপির নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, দেশনেত্রীর নেতৃত্বের দিকে তাকিয়ে আছে।”

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ তুলে বিএনপির মুখপাত্র বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের নেত্রীর বিরুদ্ধে যতই মামলা দিক না কেন, তাকে কেউ বাধা দিতে পারবে না। কারণ তিনি দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। এখনো লড়াই করে চলেছেন।”

রাজধানীর কাফরুলে আবদুল হালিম ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহানগরের প্রয়াত যুগ্ম আহ্বায়ক আলী আজগরের স্মরণে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

গত ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই বিএনপি নেতা।

প্রয়াত এই নেতার সাংগঠনিক দক্ষতার কথা স্মরণ করে ফখরুল বলেন, “তার মতো নেতারাই স্থানীয়ভাবে বিএনপির ঘাঁটি তৈরি করেছে। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমা দিতে বাধার দেওয়ার অভিযোগও করেন তিনি।

“আজকের পত্রিকাতে আছে, প্রায় ৬৩ জন বিরোধী দলের প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি। একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনী যে ব্যবস্থা গড়ে উঠেছিল, এই সরকার অত্যন্ত সফলভাবে তা ধ্বংস করে দিয়েছে।

“গণবিচ্ছিন্ন হয়ে সরকার নির্বাচনের তামাশা ও প্রহসন করে ক্ষমতা দখল করে রাখতে চায়, সেটাই তারা করছে।”

বিএনপির কাফরুল থানার সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, মহানগর যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, ইউনুস মৃধা, স্থানীয় নেতা রুহুল আমিন আকিল, আহসান আহসান, আমেনা বেগম, জিল্লুর রহমান, একরাম বাবুল, মাহবুবুর রহমান মুনির ও প্রয়াত আলী আজগর মাতবরের ছোট ভাই আলী হানিফ বক্তব্য রাখেন।

পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত হয়।