সমঝোতা তো করেছিলেন এরশাদ: আনিসুল
গ্রেপ্তার এড়াতে এইচ এম এরশাদই ওয়ান-ইলেভেনের কুশীলবদের সঙ্গে সমঝোতা করেছিলেন বলে পাল্টা অভিযোগ করেছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।
মাহফুজ আনামের এক ‘ভুল’ স্বীকারের পর সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন করে আলোচনার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ তার দলের নেতা আনিসুলের তখনকার ভূমিকার বিচার দাবি করেন।
এরশাদ বলেন, ওয়ান-ইলেভেনের কুশীলবদের সঙ্গে মিলে আনিসুল ইসলাম মাহমুদ তখন তাকে সরিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন।
এর প্রতিক্রিয়ায় মন্ত্রী আনিসুল মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, তখন এরশাদের ‘নির্দেশে’ তাকে ‘রক্ষা’ করতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ নিয়েছিলেন।
“শেখ হাসিনা গ্রেপ্তার হলেন, খালেদা জিয়া গ্রেপ্তার হলেন, এরপর তার (এরশাদ) পালা আসে। তখন তিনি সমঝোতা করেন যে, তিনি স্টেপ ডাউন করবেন, যাতে তাকে গ্রেপ্তার না করা হয়।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ নিতে তখন প্রথমে এরশাদের ভাই ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরকে প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হননি বলে আনিসুল দাবি করেন।
“ভাইয়ের প্রস্তাবে রাজি না হয়ে কাদের সাহেব মইন উ আহমদের সেমিনারগুলোতে অংশ নিচ্ছিলেন। যেন তারা সরকার গঠন করলে তার একটা সুযোগ থাকে।”
“এরপর আমি এরশাদ সাহেবের নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিই। ঝুঁকি নিয়ে দায়িত্ব নিয়েছিলাম। দুই বছর আমি দায়িত্বে ছিলাম, একটা সিদ্ধান্তও তার সঙ্গে পরামর্শ না করে নিইনি।”
সংসদে বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি থেকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া আনিসুল দলীয় চেয়ারম্যানের ওই বক্তব্যে ‘দুঃখ’ পেয়েছেন বলে জানান।
“বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাকে কিছু বললে বা গত নির্বাচনের সময়কার কথা নিয়ে কিছু বললে আমার আপত্তি ছিল না।”
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনের সময় এরশাদের নাটকীয় অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি থাকার মধ্যে রওশন এরশাদের নেতৃত্বে ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে আনিসুলের ভূমিকা ছিল।
এরশাদ সম্প্রতি ভাই কাদেরকে কো-চেয়ারম্যান করে নিজের উত্তরসূরি ঘোষণা করলে দলটিতে যে বিভেদ দেখা যাচ্ছে, তাতে আনিসুল সংসদে বিরোধীদলীয় নেতা রওশনের শিবিরেই রয়েছেন।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সখ্য ছিল কি না- সাংবাদিকদের এই প্রশ্নে সামরিক শাসক এরশাদের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যারিস্টার আনিসুল তা নাকচ করেন।
“কীভাবে সখ্যতা বলবেন, আমি কি তাদের সাথে কোনো মিটিং করেছি? ব্রিগেডিয়ার বারীর সঙ্গে মিটিংটাও তিনি (এরশাদ) নিজে করেন।”
এরশাদের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততার কথা বলতে তার ক্ষমতায় থাকা, ক্ষমতা হারানোর সময়ের কথাও আসে আনিসুলের কথায়।
“এখন পর্যন্ত আমি তার সম্পর্কে কোনো পাবলিক কমেন্ট করি নাই। কারণ রুচিবোধের প্রশ্ন আছে। আমি সুদীর্ঘ ৭ বছর তার মন্ত্রী ছিলাম। আজকে অকপটে স্বীকার করব, মন্ত্রী হিসাবে আমার পূর্ণাঙ্গ স্বাধীনতা ছিল। সরকারের যে কোনো সিদ্ধান্তে আমার মতামত যথেষ্ট গুরুত্ব দিতেন।”
“এমনকি সরকারের শেষ দিন, যেদিন উনি ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন, সেখানে আমি আর উনি একলা ছিলাম। দুজনের মধ্যে সিদ্ধান্ত হয়, ক্ষমতা হস্তান্তরের। ক্ষমতা ধরে রাখলে মানুষ মারা যাবে, এ কথা চিন্তা করে উনি সহজে বিষয়টা মেনে নিয়েছিলেন। বিটিভি থেকে যে নিউজটা ওইদিন দেওয়া হয়েছিল, সেটাও আমিই দিয়েছিলাম।”
‘এবারও মন্ত্রী হতে চেয়েছিলেন কাদের’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন আগের সরকারের মন্ত্রী জি এম কাদের এবারও মন্ত্রী হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন আনিসুল ইসলাম মাহমুদ।
বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা রাখতে জাতীয় পার্টির মন্ত্রিত্ব ছাড়ার পক্ষে এরশাদের ভাইয়ের অবস্থান প্রকাশের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “হিপোক্রেসির একটা সীমা থাকা উচিৎ।
এইচ এম এরশাদ ও জি এম কাদেরের সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ, এখন তাদের সঙ্গে তার দূরত্ব
“মন্ত্রীরা রিজাইন করলে যদি পার্টির জন্য ভালো হয়, তাহলে অবশ্যই করব। তবে এটা কে বলছে, সেটা বুঝতে হবে। কাদের সাহেব বলছেন। তিনি নির্বাচনকে অবৈধ বলছেন। এটা বলে আবার তিনি পীরগঞ্জে উপ-নির্বাচন করতে চেয়েছেন। নারায়ণগঞ্জে নির্বাচন করতে চেয়েছেন। তাকে মন্ত্রী বানাতে তিনি এরশাদকে দিয়ে চিঠি লিখিয়েছিলেন, মৌখিক তদবিরও করেছেন।”
জি এম কাদেরের সমালোচনা করে আনিসুল আরও বলেন, “কাদের সাহেব টক শোতে যান, মাঝে মাঝে লেখেনও, সুন্দর সুন্দর কথা। কিন্তু তাকে যে একজন বলছে, উনি তার উত্তরাধিকার। এটা কি গণতান্ত্রিক ভাষা? কো-চেয়ার গঠনতন্ত্রে নাই। উনাকে দিলেন আর উনি নিয়ে নিলেন, এটাই কি তার গণতন্ত্র?
“উনি যে সুন্দর সুন্দর কথা বলেন, তার সঙ্গে তার কাজের কোনো মিল আছে? একজনের জন্য একটা পার্টি সাফার করবে, এটা তো সম্ভব না। এখানেই আজকে সমস্যা।”
পার্লামেন্টে বড় দুই দলের যৌথভাবে সরকারে অংশগ্রহণের ক্ষেত্রে জার্মানির নজির তুলে ধরেন তিনি।
‘কেবল প্রতিষ্ঠাতার পার্টি নয়’
জাতীয় পার্টিকে এরশাদের ‘নিজের পার্টি’ বলার সমালোচনাও করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।
“আমরা একটা পার্টি করছি। নিশ্চয়ই এই পার্টির প্রতিষ্ঠাতা উনি (এরশাদ)। এই পার্টির জন্য উনি অনেক টাকা-পয়সা খরচ করেছেন। অনেক সময় দিয়েছেন। কিন্তু অন্যরা যারা কাজ করেছে, তারাও তাদের জীবনের মূল্যবান সময় দিয়েছেন।”
বাংলাদেশে রাজনৈতিক দলে পারিবারিক উত্তরাধিকারের ঘটনার সঙ্গে জাতীয় পার্টির মিল নেই বলে দাবি কেরেন আনিসুল ইসলাম।
“শেখ হাসিনা, খালেদা জিয়া তাদেরকে পার্টির লোকরাই চেয়েছে, এনেছে। সেই জন্য তারা এসেছে। কেউ বলে দেয় নাই, আমার মেয়ে-এই কথা কেউ বলে নাই।”
অগণতান্ত্রিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী এরশাদের গড়া জাতীয় পার্টিতে চলমান বিতর্কে সম্ভাবনাও দেখছেন আনিসুল।
“জাতীয় পার্টিতে যা হচ্ছে, এটা এক অর্থে খুব হেলদি থিং। পার্টিতে একজনে বলে দেবে, সকলে হ্যাঁ হ্যাঁ করবে, সেটা আর নাই। পিপল আর প্রোটেস্টিং, পিপল আর সেয়িং, ইউ ক্যান্ট ডু ইট। আমি বলতে চাই, এটাই জাতীয় পার্টি শক্তি, দুর্বলতা নয়।”
“জাতীয় পার্টিতে একটা বিষয় প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখানে অগণতান্ত্রিক কিছু হলে প্রোটেস্ট হচ্ছে। এটাই পার্টির শক্তি। হয়ত আমরা আজ একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছি। অতিক্রম করতে পারলে জাতীয় পার্টি শক্তিশালী দল হতে পারে।”
এরশাদের উদ্দেশে তিনি বলেন, “আপনার সাথে আমরা থাকতে চাই, কিন্তু সেই থাকাটা একটা গণতান্ত্রিক মাত্রার মধ্যে থাকতে হবে।
“ভাইয়ের জন্য উনি পার্টি ধ্বংস করবেন, এটা আমি চাই না। বাবলুকে পরিবর্তন করা হয়েছে, ভাইকে প্রোটেক্ট করার জন্য।”
জাতীয় পার্টিকে ভাগ করার কোনো চেষ্টা করছেন না দাবি করে আনিসুল বলেন, “দল ভাঙার কোনো কারণ নেই। জেনারেল এরশাদের কাছে আমি আবেদন জানিয়েছি, যৌথসভার ডিমান্ডগুলো নিয়ে বসে আলোচনা করে, পার্টিকে ঐক্যবদ্ধ করা একান্ত দরকার।”
এরশাদ ভাই জি এম কাদেরকে কো-চেয়ারম্যান এবং জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে এ বি এম রুহুল আমীন হাওলাদারকে মহাসচিব করার পর রওশনের নেতৃত্বে পার্লামেন্টারি কমিটির এক বৈঠকে ওই সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।
এরশাদ আবেদনে সাড়া না দিলে কী করবেন-জানতে চাইলে আনিসুল বলেন, “সেটা না করলে তখন সেটা… যাই করি আমরা গঠনতন্ত্র অনুসারে করব।”
