তিন মামলায় ১৫ দিন সময় পেলেন ফখরুল
পল্টন থানার নাশকতার তিন মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের আগে আরও ১৫ দিন সময় পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হাই কোর্টের তিন মাসের ‘সংক্ষিপ্ত জামিন’ আদেশ চ্যালেঞ্জ করে ফখরুল যে আবেদন করেছিলেন, তার নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ সোমবার আরও ১৫ দিনের জামিন দিয়েছেন তাকে।
নিয়ম অনুযায়ী জামিনের ওই মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিন চাইতে হবে মির্জা ফখরুলকে।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
বিচার বিভাগ নিয়ে সিলেটে ফখরুলের সাম্প্রতিক মন্তব্য এবং তা নিয়ে গণমাধ্যমে যে খবর এসেছে- সে বিষয়ে এই বিএনপি নেতার ব্যাখ্যাও এদিন আদালতে হলফনামা আকারে জমা দেন জয়নুল আবেদীন।
পল্টন থানার এই তিনটিসহ নাশকতার সাত মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ছয় মাস কারাগারে থাকার পর হাই কোর্ট মির্জা ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল।
রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সর্বোচ্চ আদালত গতবছর ২১ জুন পল্টন থানার ওই তিন মামলায় হাই কোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন বহাল রাখে।
জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এরপর মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা করিয়ে দেশে ফেরেন ফখরুল।
এর মধ্যে আত্মসমর্পণ করতে ফখরুলকে আপিল বিভাগের বেঁধে দেওয়া সময় ২ নভেম্বর শেষ হয়। ফখরুল মেয়াদ বাড়ানোর আবেদন করলেও তা নাকচ করে দুই সপ্তাহের মধ্যে হাই কোর্টে রুল শুনানি করতে নির্দেশ দেয় আপিল বিভাগ।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ গত ২৪ নভেম্বর রুল নিষ্পত্তি করে ওই তিন মামলায় ফখরুলকে তিন মাসের জামিন দেয়, যার মেয়াদ শেষ হয় ২৪ ফেব্রুয়ারি।
এরই মধ্যে তিন মাসের সংক্ষিপ্ত জামিন আদেশ চ্যালেঞ্জ করে মির্জা ফখরুল ৭ জানুয়ারি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় সোমবার বিষয়টি আপিল বেঞ্চে আসে।
জয়নুল আবেদীন শুনানিতে বলেন, “হাই কোর্ট লিমিটেড পিরিয়ডের জন্য বেল দিয়েছে। রুল নিষ্পত্তি করে তিন মাসের জন্য জামিন দেওয়া হয়। আমার মক্কেল জামিনের অপব্যাবহার করনেনি।”
এ সময় আদালত বলেন, “আপনি ২১ ডিসেম্বর হাই কোর্টের আদেশের অনুলিপি পেয়েছেন দেখা যাচ্ছে। এতোদিন কী করলেন?”
জয়নুল আবেদীন বলেন, “বেল যে লিমিটেড পিরিয়ডের জন্য, তা দেখিনি।”
আবেদনের বিরোধিতা করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ বলেন, “হাই কোর্টে আবেদন নিয়ে যেতে পারেন, আপিলে নয়।”
উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন।
আদেশের পর জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মির্জা ফখরুলকে হাই কোর্ট রুল নিষ্পত্তি করে তিন মাসের জামিন দিয়েছিল।এর মেয়াদ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল।এর আগেই আমরা ‘সংক্ষিপ্ত জামিন’ চ্যালেঞ্জ করে আবেদন করি। আদালত হাই কোর্টের দেওয়া জামিনের মেয়াদ ১৫ দিন বাড়িয়েছে।”
ওই সময় কখন থেকে গণণা হবে জানতে চাইলে ফখরুলের আইনজীবী বলেন, “আদেশের অনুলিপি পেলে জানা যাবে।”
