২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি পোড়ানোর মামলায় খালেদার অভিযোগপত্র গ্রহণ ৩০ মার্চ

অবরোধের মধ্যে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় করা মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য ৩০ মার্চ দিন ঠিক করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 07:58 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা দিন ঠিক করে আদেশ দেন বলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানিয়েছেন।

গত বছরের ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ শুরু হয়।

এর মধ্যে ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন। এর মধ্যে নূর আলম নামে এক ঠিকাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে হত্যা এবং বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় দুটি মামলা হয়। তদন্ত শেষে গত বছরের ৬ ও ১৯ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ।

হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আদেশের জন্য আগামী ২ মার্চ তারিখ ঠিক করেছেন ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন।

খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন ভারতে আটক বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদ, যাত্রাবাড়ীর সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ, তার ছেলে তানভীর আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়ন নেতা শওকত মাহমুদ, বিএনপি সমর্থক শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া, সাবেক ওয়ার্ড কমিশনার নবীউল্লাহ নবী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সহসম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরফত উল্লাহ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ।

পুরনো খবর:

খালেদার গাড়ি পোড়ানোর এক মামলা জজ আদালতে