২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার গাড়ি পোড়ানোর এক মামলা জজ আদালতে

অবরোধের মধ্যে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে করা মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 11:17 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। এ মামলায় অভিযোগপত্রে বিএনপি চেয়ারপারসনসহ ৩১ জনকে পলাতক দেখানো হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই ঘটনায় করা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আদেশের জন্য আগামী ২ মার্চ তারিখ ঠিক করেছেন ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন।

গত বছরের ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ শুরু হয়।

এর মধ্যে ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন। এর মধ্যে নূর আলম নামে এক ঠিকাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে হত্যা এবং বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করে পুলিশ।

উপপরিদর্শক হুমায়ূন কবির জানান, দুটি মামলায় মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে গত বছরের ৬ ও ১৯ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন ভারতে আটক বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদ, যাত্রাবাড়ীর সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ, তার ছেলে তানভীর আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়ন নেতা শওকত মাহমুদ, বিএনপি সমর্থক শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া, সাবেক ওয়ার্ড কমিশনার নবীউল্লাহ নবী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সহসম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরফত উল্লাহ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ।

জিয়া ট্রাস্ট মামলায় জেরা

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হারুন অর রশীদকে খালেদা জিয়ার পক্ষে আইনজীবীদের জেরা অব্যাহত হয়েছে।

ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে বৃহস্পতিবার জেরা শেষ হয়নি। বিচারক আগামী ৪ ফেব্রুয়ারি পুনরায় জেরার দিন রেখেছেন।

দুদকের আইনজবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবারও তদন্ত কর্মকর্তাকে জেরা করেন খালেদার আইনজীবী আব্দুর রেজাক খান।

খালেদার অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকেদের বলেন, ৪ ফেব্রুয়ারি জেরা শেষ করা যাবে বলে তারা আশা করছেন। ।

জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুদক।

মামলার অন্য আসামিরা হলেন- হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান।