বিডিআর বিদ্রোহ: তদন্ত প্রতিবেদন চায় বিএনপি
বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার বিকালে এক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এই দাবি জানান।
তিনি বলেন, পিলখানা সদর দপ্তরে সেদিনের নারকীয় হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্তই হয়নি। ওই সময়ের কোয়ার্টার মাস্টার জেনারেল জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তদন্ত কমিটির প্রতিবেদনটি আজও প্রকাশ করা হয়নি।
“আমরা এই সভা থেকে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর কর্তৃক সম্পাদিত প্রতিবেদন প্রকাশের দাবি জানাচ্ছি।”
সশস্ত্র বাহিনীর মনোবল ধ্বংস করতে পরিকল্পিতভাবে ওই হত্যাকাণ্ড ঘটানো হয় অভিযোগ করে হাফিজ বলেন, “দেশি-বিদেশি ব্যক্তিবর্গ ওই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।
“বিচারের নামে একটি প্রহসন চলছে, মূল হোতারা পর্দার অন্তরালেই রয়ে গিয়েছে।”
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই বিদ্রোহ আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে।
রক্তাক্ত সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
বিডিআর বিদ্রোহের ৫৭টি মামলায় ছয় হাজারেরও বেশি আসামির মধ্যে ৫ হাজার ৯২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আর হত্যা ও লুটপাটের মামলায় ৮২৪ আসামির মধ্যে ১৫২ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলে, সামরিক নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করার ‘মোটিভ’ নিয়ে ওই বিদ্রোহের ঘটনা ঘটানো হয়েছিল। দেশের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’ দুর্বল করাও এর একটি উদ্দেশ্য হয়ে থাকতে পারে।
আওয়ামী লীগ নেতারা ওই বিদ্রোহের পেছনে বিএনপিনেত্রীর ইন্ধনের অভিযোগ করে এলেও বিএনপিও পাল্টায় একই ধরনের অভিযোগ করে আসছেন।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বিএনপির উদ্যোগে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে এই আলোচনা সভা হয়।
সাবেক পানি সম্পদমন্ত্রী হাফিজ বলেন, “ওই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন, তারা সেনাবাহিনীর দক্ষ ও কৃতি অফিসার ছিলেন। গুলজার নামে একজন অফিসার যিনি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মধ্যে জীবন সঞ্চার করেছিলেন; অপরাধীদের দমন করে দেশজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন।
“অন্যান্য সেনা কর্মকর্তারাও বিভিন্ন ক্ষেত্রে অনেক দক্ষতা প্রর্দশন করেছেন, বিশেষ করে শান্তিরক্ষা বাহিনীতে অত্যন্ত সম্মানের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
“যারা ষড়যন্ত্র করেছে তারা জানে, এ ধরনের হত্যাকাণ্ডের ফলে অনেক দুর্বল মানুষ সেনাবাহিনী ছেড়ে চলে যাবে, সব সময় তারা আতঙ্কে থাকবে এবং দেশের প্রতি তাদের কর্তব্য পালনে তারা সক্ষম হবে না।”
বিডিআর হত্যার সুষ্ঠু তদন্ত দাবির পাশাপাশি নিহতদের পরিবারকে সরকারের তরফ থেকে আরও সাহায্য-সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তিনি।
ঘটনার সময় সেনাপ্রধানের দায়িত্বে থাকা জেনারেল মঈন ইউ আহমেদকে ‘কাপুরুষ’ আখ্যায়িত করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “এই ধরনের বিদ্রোহ হলে কী করতে হবে- তা সেনাবাহিনীর কেতাবে লেখা আছে। এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। বিদ্রোহ হলে প্রতিটি সদস্যের দায়িত্ব- এটা দমন করা; এর জন্য কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
“সেদিন কাপুরুষ সেনাপ্রধান মঈন ইউ আহমেদ কেন আদেশের জন্য গিয়েছিলেন?”
হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান বক্তব্য রাখেন।
