মেধাবী তরুণদের রাজনীতিতে সক্রিয় হতে সংস্কৃতিমন্ত্রীর আহ্বান
মেধাবী ও শিক্ষিত তরুণ তরুণীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার উত্তরায় বেসরকারি উত্তরা ইউনিভার্সিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “শিক্ষা মানুষকে বড় জায়গায় নিয়ে যায়। একজন প্রকৃত শিক্ষিত মানুষ মানেই বড় মানুষ, মেধাবী মানুষ। মেধাবী-পরিশ্রমী ছাত্রছাত্রীদের রাজনীতির প্রতি সাধারণভাবে এক ধরনের অনীহা দেখা যায়। এটা ঠিক নয়।”
রাজনীতিবিদরাই ‘মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ’ করে মন্তব্য করে নূর বলেন, “যারা রাজনীতি করেন, জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্টে বসেন, তারাই আসলে এই ১৬ কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করেন। ফলে, যদি সৎ, মেধাবী ও পরিশ্রমী মানুষরা রাজনীতিতে না আসেন তাহলে সে জায়গাটি দখল করে নেয় অসৎ ও দুর্নীতিবাজরা।
“তাই আমি বলব, একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে হলে মেধাবী ছাত্রছাত্রীদের রাজনীতির প্রতি অনীহা কাটাতে হবে।”
সন্তানদের প্রকৃত অর্থে শিক্ষিত করে তুলতে অভিভাবকদের আরও যত্নবান হওয়া উচিত বলেও মন্তব্য করেন এক সময়ের এই সংস্কৃতিকর্মী।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এখন তো আমরা আর শিক্ষার্থী দেখি না, দেখি পরীক্ষার্থী; আরো স্পষ্ট করে বললে গ্রেডার্থী। ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের মধ্যে আমরা এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছি।
“সারাক্ষণ পড়া… পড়া। খেলাধুলার সুযোগ নেই, ছবি আাঁকা, গান . . . সুন্দর কোনো কিছু আমরা তাদের জীবনে রাখছি না। আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে ঠিকই, কিন্তু প্রকৃত শিক্ষিত হয়ে উঠছে কিনা সেটা আমাদের ভাবার সময় এসেছে।”
আলোচনায় সভায় উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য আজিজুর রহমান, উপ উপাচার্য ইয়াসমিন আরা লেখা এবং এটিএন বাংলার বিক্রয় ও বিপণন উপদেষ্টা এম শামসুল হুদাসহ অন্যরা বক্তব্য রাখেন।
