প্রতি ওয়ার্ডে বাড়িভাড়া নিয়ন্ত্রক চায় সিপিবি
ঢাকা সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একজন করে বাড়িভাড়া নিয়ন্ত্রক নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার রাজধানীর শান্তিনগরে সিপিবির পল্টন থানা শাখার সমাবেশ থেকে এই দাবি জানানো হয় বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে সিপিবি নেতারা শান্তিনগর বাজারের সামনে বিক্ষোভ শেষে সমাবেশ করেন।
১৯৯১ সালে ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন’ প্রণয়ন করে সরকার। ওই আইনে বাড়িভাড়া নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রক, অতিরিক্ত নিয়ন্ত্রক ও উপ-নিয়ন্ত্রক নিয়োগেরও বিধান আছে।
এই আইন প্রণয়নের পর ঢাকা সিটি করপোরেশন এলাকা ও অবস্থানভেদে বাড়িভাড়ার হার নির্ধারণ করলেও তা বাস্তবায়ন হয়নি।
বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি এলাকাভেদে সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া নির্ধারণের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে ছয় মাসের মধ্যে একটি ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন’ কমিশন গঠন করতে গত ১ জুলাই নির্দেশ দেয় হাই কোর্ট।
সিপিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াসার পানি ব্যবহার করে অনেকে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অভিযোগ করে দুর্গন্ধযুক্ত পানি সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে ওয়াসার প্রতি আহ্বান জানান বক্তারা।
এছাড়া যানজট নিরসনে গণপরিবহনের সংখ্যা বাড়িয়ে ঢাকার জোড়-বিজোড় নম্বরের গাড়ি চলাচলে আইন করারও দাবি জানান সিপিবি নেতারা।
বিক্ষোভ-সমাবেশের পর ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়াসার পয়নিস্কাশন কর্মকর্তার কাছে ১০ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সিপিবির পল্টন থানার সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াতের সভাপতিত্বে দলের ঢাকা কমিটির সম্পদকমণ্ডলীর সদস্য জাহিদ হোসেন খান, ঢাকা কমিটির সদস্য হযরত আলী ও পল্টন থানা কমিটির সদস্য মুর্শিকুল ইসলাম শিমুল সমাবেশে বক্তব্য দেন।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) তথ্য অনুযায়ী, ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে ঢাকার বিভিন্ন এলাকায় বাড়িভাড়া বেড়েছে গড়ে নয় দশমিক ৭৬ শতাংশ।
২০০৫ সালে সাত দশমিক ৮৯ শতাংশ, ২০০৬ সালে ১৪ দশমিক ১৪ শতাংশ এবং ২০০৭ সালে ২১ দশমিক ৪৮ শতাংশ বাড়িভাড়া বেড়েছে।
