আ. লীগ বাবা-মায়ের বিরুদ্ধে চাপের অভিযোগ ‘বিদ্রোহী’ ছেলের
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের এক ‘স্বতন্ত্র’ প্রার্থী অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দলের প্রার্থী তার মা ও উপজেলা চেয়ারম্যান বাবা তাকে ভোট থেকে সরে দাঁড়াতে চাপ দিচ্ছেন।
কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান আওয়ামী লীগের রাজনীতি করে এলেও দলের মনোনয়ন না পেয়ে ‘স্বতন্ত্র’ প্রার্থী হয়েছেন। আর দল মনোনয়ন দিয়েছে তার মা তসলিমা বেগমকে, যা নিয়ে ছেলের ‘বিদ্রোহ’।
মেহেদীর বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা এস এম মাহফুজুর রহমান কচুয়া উপজেলার চেয়াম্যন। ছেলেকে ভোট থেকে সরাতে তিনি নাতি-নাতনিদের ‘জিম্মি করতে’ চেয়েছিলেন বলেও মেহেদীর অভিযোগ।
গত বুধবার মনোনয়নপত্র বাছাই শেষে রাড়ীপাড়া ইউনিয়নে এখন কেবল মা-ছেলেই প্রার্থী। ২ মার্চের মধ্যে মেহেদী প্রার্থিতা প্রত্যাহার করে নিলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন মা তসলিমা বেগম।
ছেলে মেহেদী হাসান
মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছিল অভিযোগ করে মেহেদী বলেন, “সেদিন আমাকে চার দিক থেকে ঘিরে রেখেছিল। এখন মনোনয়ন প্রত্যাহারের জন্য আমার দুই মেয়েকে জিম্মি করার চেষ্টা করেছে আমার বাবা-মা। বিষয়টি টের পেয়ে আমি তাদের বাড়ি থেকে সরিয়ে নিয়ে এসেছি।”
অবশ্য ছেলের অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী তাসলীমা বেগম, যিনি গত মেয়াদেও চেয়ারম্যান ছিলেন।
মা তসলিমা বেগম
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথমধাপের ৭৩৮ ইউপির মধ্যে ২৫টিতে কেবল আওয়ামী লীগের প্রার্থীরাই মনোনয়ন জমা দিয়েছেন; যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।
আর ১৭টি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী এবং ৩৬টিতে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরাই কেবল বৈধতা পেয়েছেন।
এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬টি রাজনৈতিক দলের ১৯০০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১৬৬৮ জন।
এসব স্বতন্ত্র প্রার্থীর অন্তত এক তৃতীয়াংশ দলের মনোনয়নহঞ্চিত হয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন বলে গণমাধ্যমে তথ্য এসেছে।
চাপ দেওয়ার অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা বিদ্রোহী বা কারা বিদ্রোহী নয়- এমন তালিকা আমাদের হাতে এখনও আসেনি। সময় আসুক, তারপরে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।”
মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা ও প্রার্থিতা প্রত্যাহারে চাপ দেওয়া ‘অপরাধ’ জানিয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। কে কোথায় ও কখন এমন করেছে তা জানিয়ে অভিযোগ এলে খতিয়ে দেখা যাবে।”
