বিএনপির কাউন্সিলের তথ্য মিলবে ফেইসবুকে
আসন্ন জাতীয় কাউন্সিলের প্রচারে এবার ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলোকে কাজে লাগাবে বিএনপি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবারএক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আগামী ১৯ মার্চ জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত প্রচার ও ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
“প্রচারের অন্যান্য মাধ্যমের সঙ্গে এবার ফেইসবুক, ইন্টারনেটসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াকে ব্যাপকভাবে ব্যবহার করা হবে।”
ষষ্ঠ কাউন্সিলের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “কাউন্সিলরদের তালিকার শতকরা ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। শোক প্রস্তাবের জন্য দলের যেসব নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, প্রাণ হারিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের তালিকার কাজও ৬০ ভাগ সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক উপ-কমিটি কোন কোন দেশে আমন্ত্রণ পাঠাবে, তার তালিকাও চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি।
কাউন্সিলের জন্য স্থান এখনো না পাওয়া গেলেও প্রস্তুতি পুরোদমেই চলছে বলে জানান রিজভী।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন- এই তিন জায়গার যে কোনোটিতে জাতীয় কাউন্সিল করার অনুমতি চেয়ে জানুয়ারির শেষ দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেয় বিএনপি।
গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর পুলিশের অনুমতি সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করায় আপত্তি না থাকার কথা জানিয়েছে।
তবে রিজভী জানান, পুলিশের কাছে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
এর বাইরে বসুন্ধরা কনভেনশন সেন্টার বিএনপি নেতাদের পছন্দে থাকলেও সেখানে রাজনৈতিক দলকে ভাড়া না দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
সর্বশেষ বিএনপি ২০০৯ সালের ৮ ডিসেম্বের জাতীয় কাউন্সিল করেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
ফখরুলের ফেইসবুক পেইজ নেই
কিছু ‘অসৎ’ ব্যক্তি ‘অসৎ’ উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নামে ফেইসবুক পাতা খুলেছে বলে অভিযোগ করেন রিজভী
তিনি বলেন, “যারা (ফেইসবুক পাতা) খুলেছেন তাদের সঙ্গে ভারপ্রাপ্ত মহাসচিব মহোদয়ের কোনো সংশ্লিষ্টতা বা সম্পর্ক নেই। এজন্য ভারপ্রাপ্ত মহাসচিবের কাছ থেকে কেউ অনুমতিও নেননি।
অবিলম্বে এসব বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, আবদুল সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, সাইফুল ইসলাম পটু প্রমুখ উপস্থিত ছিলেন।
