আতঙ্ক থেকেই সরকারের ‘মামলার কৌশল’: রিজভী
মুক্তিযুদ্ধের বিষয়ে ‘থলের বেড়াল বেরিয়ে যাওয়ার’ ভয়ে সরকার ‘মামলার কৌশল’ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতি ইংগিত করে তিনি বলেন, “আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে সব সময় একটা প্রশ্ন আছে। তারা একটা অনুশোচনায় ভোগেন।
“এটা আমার কথা নয়, ভারতের কুটনীতিক জে এন দীক্ষিত এর ‘বিয়ন্ড লিবারেশন’ বইতেও আমি পড়েছি। তিনি বইতে বলেছেন, আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সঙ্গে কথা বলেছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার কারণে তার মধ্যে একটা অনুশোচনা আছে।”
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে এক মন্তব্য নিয়ে গত সোমবার মুখ্য মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী। মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা।
তার অভিযোগ আমলে নিয়ে খালেদা জিয়াকে আগামী ৩ মার্চ আদালতে হাজির হয়ে এ বিষয়ে নিজের ব্যাখ্যা দিতে বলেছেন এক মহানগর হাকিম।
এছাড়া মুক্তিযুদ্ধের সীমাংসিত বিষয় নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের সবার বিরুদ্ধে একই ধরনের মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন কয়েকজন মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা।
রিজভী বলেন, “মুক্তিযুদ্ধ নিয়ে যত কথা হবে কিংবা এ বিষয়ে যত বির্তক হবে, ততই তো থলের বিড়াল বেরোতে থাকবে। সত্যের প্রতি সাংঘাতিক ভয়, আতঙ্ক আওয়ামী লীগের। এই কারণে তারা মামলা দিয়ে হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে চাচ্ছে।”
সম্প্রতি বিএনপিপ্রধান খালেদা জিয়া সম্পর্কে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “গত কয়েকদিন আগে ময়মনসিংহে জাসদের সম্মেলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি সম্পর্কে অরুচিকর মন্তব্য করেছে। এটা নতুন কথা নয়। তিনি এই সংস্কৃতিতে বিশ্বাস করেন বলেই বরাবরই এই অশ্রাব্য ভাষায় মিথ্যা করে থাকেন।
“ইনুর প্রতিদিনকার বক্তব্য-বিবৃতি পড়লে মনে হয় যে, বিএনপি ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলতে পারার উপরেই তার মন্ত্রীত্ব নির্ভর করছে।”
দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের আবির্ভাব ১৯৭২-৭৫ সালে জাসদ গণবাহিনী সৃষ্টি করেছিল দাবি করে রিজভী বলেন, “ওই সময়ে হাসানুল হক ইনুর আচরণ ছিল লাদেন, জাওয়াহেরি ও শায়েখ আবদুর রহমানদের সমতুল্য। এখন ইনু সাহেব তার কর্মীদের ঘাতকের সঙ্গে ক্ষমতার ঢালে বাঁদুর ঝোলা হয়ে ঝুলতে গিয়ে শুধুমাত্র সেই সময় নিহত জাসদের কর্মীদের আত্মাকেই অপমান করেননি, গণতন্ত্রকে গ্রাস করে নিতে এখন প্ররোচকের ভূমিকাও পালন করে যাচ্ছেন।
“আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, খুব বেশিদিন নয়, অচিরেই গণতন্ত্র হত্যা, বিরোধী দল নিধন, বিচারবহির্ভূত হত্যার মূল ইন্ধনদাতা হিসেবে মানুষের আদালতে যাদের বিচার হবে তাদের মধ্যে এই ইনু ও খায়রুল হকরা ওয়েটিং লিস্টে নয়, ফাইনাল লিস্টেই থাকবেন।”
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ বক্তব্য রাখেন।
