পদ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এরশাদ
জাতীয় পার্টিকে ‘শক্তিশালী’ বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছাড়া আগে তার সঙ্গে অবশ্যই কথা বলবেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
কারণ হিসেবে তিনি বলছেন, পদটির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্মান যুক্ত।
শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে এক সভা শেষে বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তার বিশেষ দূত করে আমাকে সম্মানিত করেছেন। তার সাথে আলাপ-আলোচনা না করে এই পদ ছেড়ে তাকে অসম্মানিত করতে পারি না।
“অবশ্যই এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করব।”
বিবৃতি দেওয়ার আগে দলের কর্মী-সমর্থকদের সঙ্গে অনির্ধারিত সভায় অংশ নেন এরশাদ।
জাতীয় পার্টি সর্বশেষ জাতীয় নির্বাচনের পর সংসদের বিরোধী দল হলেও দলটির ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে। কারণ দলের চেয়ারম্যান এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এবং মন্ত্রিসভায়ও রয়েছেন দলটির তিনজন গুরুত্বপূর্ণ নেতা।
বিবৃতিতে জাতীয় পার্টির জনপ্রিয়তা বাড়ার দাবি জানিয়ে এরশাদ বলেন, “দল আবার জেগে উঠেছে। আমরা এ দেশে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তি।
“আমরা পার্টিকে এবার আরও সুসংগঠিত করতে পারব। জাতীয় পার্টি অবশ্যই এই সংসদের বিরোধী দল।”
বিবৃতিতে দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জাতীয় পার্টির রাজনীতিকে জনগণের সামনে স্পষ্ট করতে হবে। আশা করি, আমাদের সংসদ সদস্যরা সংসদে এমন কোনো বক্তব্য রাখবেন না, যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।”
সভায় অন্যদের মধ্যে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
