গণতন্ত্রকে কবর দিয়েছে আ. লীগ: ফখরুল
আওয়ামী লীগ গণতন্ত্রকে ‘কবর’ দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকে কবর দিয়েছে। গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার বিহীন বাংলাদেশ এখন বিপন্ন।”
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি- একথা উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি ফখরুল বলেন, “যুদ্ধের মূল লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষ ন্যায় বিচার পাবে।
“দুঃখের সাথে বলতে হয়, আজকে ৪৪ বছরেও আমরা কিছু পাইনি। তাই গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
গণতন্ত্র ও রাষ্ট্রের সব প্রতিষ্ঠানগুলোকে সুপরিকল্পিতভাবে ধংস করা হচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এমন সময়ে অন্যান্য দলের নেতা-কর্মীদের বিএনপিতে যোগদান অনেক বেশি অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সহসভাপতি গোলাম সারোয়ার রঞ্জু, নূর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও পৌর সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম।
