২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা বাগানে এসইজেডের বিরুদ্ধে জাতীয় মুক্তি কাউন্সিল 

হবিগঞ্জে একটি চা বাগানের জমিতে বিশেষ অর্থনেতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 07:21 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে বাগানের জমি চা শ্রমিকদের বন্দোবস্ত দেওয়ার দাবিও জানানো হয়।

সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম বলেন, “উন্নয়নের কথা বলে হাসিনা সরকার লুটেরা দুর্নীতিবাজ পুঁজিপতিদের সেবা করছে। চা শ্রমিকরা বংশপরম্পরায় ভোগদখল করে আসা জমি ছাড়বে না।” 

সরকারের বিরুদ্ধে ‘জাতিগত শোষণের’ অভিযোগ তুলেন গণতান্ত্রিক যুব পরিষদের সভাপতি মাইকেল চাকমা।

তিনি বলেন, “সরকার-সরকারদলীয় লোকজন সারা দেশে ক্ষুদ্র জাতিসত্তার ভূমি দখল করেছে। কৃষি জমি ধ্বংস করে, খাদ্য নিরাপত্তা বিপন্ন করে ইকোনমিক জোন করার সিদ্ধান্ত গণবিরোধী।

“চুনারুঘাট চান্দপুর বেগমখান বাগানের আওতাভুক্ত ৫৫৬ একর চা বাগানের জমিকে বিশেষ অর্থনেতিক অঞ্চল ঘোষণার সরকারি সিদ্ধান্ত বাতিল করতে হবে।”

গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় নেতা মজিবর রহমান, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আবদুস সাত্তার সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে কদম ফোয়ারা হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।