‘ভোট কারচুপির প্রমাণ’ কূটনীতিকদের দিল বিএনপি
ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে পৌরসভা নির্বাচনে ‘ভোট কারচুপির প্রমাণ’ দিয়েছে বিএনপি।
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স, সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল এবং যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, স্পেন, জার্মানি, তুরস্ক, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও জাপানসহ ২০টি দেশের দূতাবাস কর্মকর্তারা বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কয়েকজন নেতা কূটনীতিকদের সামনে ভোট কারচুপির অভিযোগের পক্ষে ‘তথ্য-প্রমাণ’ তুলে ধরেন। এ সময় ভোট নিয়ে একটি ভিডিওচিত্রও তাদের দেখানো হয়।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ২৩৪ পৌরসভার নির্বাচনের ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভোট কারচুপি ছাড়াও বলপ্রয়োগ, বিধি লংঘন, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপি নেতারা।
নির্বাচন কমিশনের পাশাপাশি ভোটের দায়িত্বে থাকা জনপ্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তার সপক্ষে ‘প্রমাণ’ তুলে ধরেন তারা।
প্রথমবারের মতো পৌরসভায় মেয়র পদে দলীয় প্রতীকে ওই ভোটে ভরাডুবি হয় বিএনপির। পাঁচ বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে বিজয়ে দুই দলের পাল্লাপাল্লি চললেও এবার আওয়ামী লীগের দেড় শতাধিক মেয়রের জায়গায় বিএনপি পেয়েছে মাত্র ২২টি।
বিকাল ৪টা ১০ থেকে ৫টা ২৭ মিনিট পর্যন্ত বিএনপি নেতাদের কথা শোনেন কূটনীতিকরা।
বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সৌদি আরবে দলের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী ও সাংবাদিক শফিক রেহমান ছিলেন।
কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, “কূটনীতিকদের সঙ্গে এই বৈঠক রুটিন মতবিনিময়ের মতো। আমরা বিভিন্ন সময়ে তাদের সঙ্গে এ ধরনের বৈঠক করে থাকি।
“কয়েকদিন আগে পৌর নির্বাচন হয়ে গেল। এই নির্বাচন সম্পর্কে আমরা আমাদের উন্নয়ন সহযোগী দেশসমূহের কাছে অনেক অভিযোগ তুলে ধরেছিলাম। সেখানে ভোট ডাকাতি হয়েছে, মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে- একথা গুলো আমরা দলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে তুলে ধরেছিলাম। এসব বিষয়ে তাদের (কূটনীতিক) আগ্রহ ছিল, আমাদের অবস্থানটি কী? আমরা নির্বাচনটি কীভাবে দেখলাম।
“সে বিষয়গুলো তাদের কাছে রুটিন মতবিনিময়ের এই অনুষ্ঠানের মধ্যে উঠে এসেছে।”
তিনি বলেন, “পৌর নির্বাচনে কীভাবে ভোট কারচুপি, ভোটারদের ভোটদান থেকে বিরত রাখা, প্রার্থীদের বের করে দেওয়া, ভোটারদের লাঞ্ছিত করা হয়েছে ইত্যাদি বিষয়ের ওপর একটি ডকুমেন্টারি আমরা তাদের দেখিয়েছি।”
রিপন বলেন, “আমরা কূটনীতিকদের বলেছি, এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাদের অধীনে একটি সুষ্ঠ নির্বাচন সম্ভব হবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন আমরা যখন যোগদান করলাম না, তখন থেকে সুশীল সমাজের পক্ষ থেকে আমাদের নানাভাবে বলা হতো যে নির্বাচন না গিয়ে সম্ভবত আমরা ভালো করিনি।
“৫ জানুয়ারির পরে আমরা যতগুলো নির্বাচনে অংশ নিয়েছি, সরকার কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে করেনি।… পৌর নির্বাচনে যে আমরা গেলাম, তাদের অধীনে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না- এটা আবার প্রমাণ হল।”
পৌরসভা নির্বাচনের আগে গত ২৩ ডিসেম্বর গুলশানের কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছিলেন বিএনপির নেতারা।
