‘অসুস্থ’ খালেদার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক হারুন রশিদ খানকে জেরা শুরু করেন তার অন্যতম আইনজীবী আব্দুর রেজাক খান।
মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, বিচারক আবু আহমেদ জমাদার তদন্ত কর্মকর্তাকে জেরার পরবর্তী তারিখ দিয়েছেন আগামী ২১ জানুয়ারি।
আসামিদের পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন রাখা হবে।
খালেদা জিয়া দেশে ফিরলেও ‘পুরোপুরি সুস্থ না হওয়ায়’ আদালতে অনুপস্থিতির জন্য এদিন জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায়ও আবেদন জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আদালত খালেদার অনুপস্থিতির আবেদন মঞ্জুর করেন।
২০১০ সালের ৮ অগাস্ট রাজধানীর তেজগাঁও থানায় দায়ের জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনে দুদক।
এর আগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দায়ের জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বলা হয়, এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করেছেন আসামিরা।
দুই মামলারই বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের তৎকালীন সহকারী পরিচালক হারুন।
জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় অপর তিন আসামি হলেন- খালেদার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
জিয়া এতিমখানা ট্রাস্ট মামলার অপর পাঁচ আসামি হলেন- খালেদার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা হারুন বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অন্য আসামিদের সহযোগিতায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট থেকে টাকা তুলে খরচ করেন। তিনি জমির মালিককে বাজার মূল্যের চেয়ে বাড়তি টাকা দেন।
খলেদার আইনজীবী তার কাছে জানতে চান, অনুসন্ধানকালে মামলা করার মতো আপনি কিছুই পাননি? জবাবে তদন্ত কর্মকর্তা হারুন বলেন, “এটি সত্য নয়।”
‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিয়া দাতব্য ট্রাস্টে যে অনুদান দিয়েছিল সে বিষয়ে আপনি কোনো অনুসন্ধান না করেই প্রতিবেদন দাখিল করেন’- খালেদার আইনজীবীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, “এ কথাটিও সত্য নয়।”
‘আপনি মামলাটি অনুসন্ধান ও তদন্তকালে খালেদা জিয়ার সঙ্গে আদৌ দেখাই করেননি’- আইনজীবীর এমন দাবির জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, “আমি দেখা করতে গেলেও তার দেখা পাইনি।”
